ভালোবাসায় জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের শুদ্ধ করে জাতীয় সংগীত শেখাচ্ছেন সুদর্শন রবিদাস। মৌলভীবাজারের জু​ড়ী উপজেলার মক্তদীর উচ্চবিদ্যালয় থেকে গত জানুয়ারিতে তোলা ছবি l প্রথম আলো
শিক্ষার্থীদের শুদ্ধ করে জাতীয় সংগীত শেখাচ্ছেন সুদর্শন রবিদাস। মৌলভীবাজারের জু​ড়ী উপজেলার মক্তদীর উচ্চবিদ্যালয় থেকে গত জানুয়ারিতে তোলা ছবি l প্রথম আলো

কখনো সাতসকালে, কখনো দুপুরবেলা তিনি ছুটে চলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধ করে জাতীয় সংগীত শেখান তিনি। শেখান দেশাত্মবোধক ও ছড়াগান। দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতা থেকে অবিরাম ছুটে চলা এই মানুষটি হলেন সুদর্শন রবিদাস।
চা-শ্রমিক পরিবারের সন্তান ৫০ ছুঁই ছুঁই রবিদাস পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত। সিলেট বেতারের সুরকার নূরুল ইসলাম সরকারের কাছে তাঁর সংগীতে হাতেখড়ি। নিজে তালিম গ্রহণ শেষে এলাকার শিশুদের শেখানো শুরু করেন। ২০০১ সালে কুলাউড়া পৌর শহরের মাগুরা আবাসিক এলাকার রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে প্রশিক্ষক হিসেবে যোগ দেন।
জাতীয় সংগীত শুদ্ধ করে শেখানোর তাগিদবোধ কবে থেকে এবং কেনই বা অনুভব করলেন, তা জানতে এই প্রতিবেদক সম্প্রতি হাজির হন রবিদাসের বাড়িতে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া চা-বাগানের দেবমণ্ডপ লাইনে স্ত্রী ও চার ছেলে নিয়ে তাঁর বসবাস।
সুদর্শন বলেন, ‘অনেক বিদ্যালয়ে অ্যাসেম্বলির সময় দেখেছি, জাতীয় সংগীত গাওয়ার সময় সুর, তাল ও লয়ে ভুল থাকে। উচ্চারণ সঠিক হয় না। দায়সারাভাবে গাওয়া হয়। এসব দেখে খুব কষ্ট লাগত। সেই কষ্টবোধ থেকেই ২০১৩ সালের মার্চে এই যাত্রা শুরু করি।’ তিনি জানান, এ পর্যন্ত কুলাউড়াসহ আশপাশের জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার ২৭৫টি কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের জাতীয় সংগীত শিখিয়েছেন। তবে কোনো পারিশ্রমিক নেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা এ কাজে তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
একেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দু-তিন দিন করে যান সুদর্শন। সপ্তাহের প্রতি শুক্রবার রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। এ ছাড়া সপ্তাহে দুই দিন করে বিভিন্ন বাসায় গিয়ে গান শেখান। এসব থেকে অর্জিত আয়ে তাঁর সংসার চলে। বড় দুই ছেলে রামবিলাস ও গণেশলাল বাগানে কাজ করেন। এক ছেলে রাধেশ্যাম তাঁকে তবলায় সহযোগিতা করেন। আর ছোট ছেলে লক্ষ্মীনারায়ণ অষ্টম শ্রেণিতে পড়ে।
জুড়ীতে অবস্থিত মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয় ও পার্শ্ববর্তী দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে সারি ধরে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। সামনে রাখা টেবিলের ওপর হারমোনিয়াম বাজিয়ে জাতীয় সংগীত গাইছেন সুদর্শন। মাঝেমধ্যে দুই হাতে তাল দিচ্ছেন। তাঁর সঙ্গে ঠোঁট মেলাচ্ছে শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের কাছে ডেকে সুর, তাল ও লয় বুঝিয়ে দেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘সুদর্শন রবিদাস আসলে একজন সত্যিকারের দেশপ্রেমিক। শুদ্ধ জাতীয় সংগীত শেখানোর মাধ্যমে তিনি শিক্ষার্থীদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন। তাঁর এ কাজ প্রশংসার দাবি রাখে। তাঁর এ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে যাবে বলে আমি মনে করি।’
কুলাউড়ার রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য বলেন, ‘সুদর্শন শুদ্ধ জাতীয় সংগীত শেখান। তাঁর তাল, লয় ও সুর ঠিক আছে।’ তিনি বলেন, ‘সুদর্শন সুর ও সংগীতকে প্রচণ্ড ভালোবাসেন। তিনি তাঁর জানা-শেখাকে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তাঁর কর্মযজ্ঞকে আমি শ্রদ্ধা জানাই।’
সুদর্শন রবিদাসের গান শেখানোর কার্যক্রমে খুশি শিক্ষার্থীরাও। মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের গার্লস গাইডের দলনেতা দশম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার জানায়, ‘জাতীয় সংগীত গাওয়ার সময় আমরা অনেক ভুল করতাম। তাল, লয় ও সুর সঠিক হতো না। এখন তা শোধরাতে পারছি।’