নতুন নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট নাগরিকেরা আশা করছেন, নির্বাচন কমিশন গঠনে এই কমিটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত ব্যক্তি বাছাই করবে এবং ভালো কিছু উপহার দেবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশে অনুসন্ধান কমিটি করে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘যাঁদের দিয়ে কমিটি করা হয়েছে, তাঁদের মধ্যে দুজন বিচারপতি, দুজন অপর দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আর দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং আশা ও আস্থা রাখতে চাই, তাঁরা ভালো করবেন। তবে শুনছি, বিএনপি ক্ষুব্ধ হয়েছে। কিন্তু সমাজের কারও না কারও প্রতি তো বিশ্বাস রাখতে হবে।’
এ বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিটি ভালোই হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর আশা, এই কমিটি ভালো করবে।
অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, প্রজ্ঞাপনে বাছাইয়ের কার্যপদ্ধতি স্পষ্ট বলা নেই। তবে প্রজ্ঞাপনের ৫ নম্বর ধারা অনুযায়ী, কমিটি নিজেরাই কার্যপদ্ধতি ঠিক করার সুযোগ পাবে। তিনি আশা করছেন, এই সুযোগ কাজে লাগিয়ে কমিটি একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাছাই কাজটি করবে। এ ক্ষেত্রে অন্যতম পদ্ধতি হিসেবে জনসাধারণের কাছ থেকে নামও চাইতে পারে। সেখান থেকে সংক্ষিপ্ত তালিকা করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে এবং কেন করল, তার একটি ব্যাখ্যা দেবে। কিন্তু আগের মতো করলে এবারও প্রশ্ন উঠতে পারে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, একই ব্যক্তির নেতৃত্বে একই ধরনের কমিটি হলো। ব্যতিক্রম কেবল একজন সুশীল সমাজের প্রতিনিধি এবং একজন নারী রাখা। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হলে ভালো হতো। কিন্তু সেটা তো হলো না। কমিশন গঠনে আইন না হওয়ায় আগের মতোই জটিলতা সৃষ্টি হবে।