ভালো, মন্দ ও কুৎসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, বাংলাদেশের ২০০৯-১০ অর্থবছরের বাজেট নিয়ে বেশ কিছু তথ্য মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে। ২০০৯ সালের ১৩ জুলাই পাঠানো ওই তারবার্তার বিষয় হিসেবে উল্লেখ করা হয়, ‘জিওবি বাজেট: দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড আগলি’ (বাংলাদেশের বাজেট: ভালো, মন্দ ও কুৎসিত)। গত ৩০ আগস্ট এসব তথ্য ফাঁস করে উইকিলিকস।তারবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের এই বাজেটকে সম্প্রসারণমূলক ও নমনীয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র। বাজেটের কিছু বিষয়কে ভালো ও কিছু দিককে মন্দ বলে মনে করা হচ্ছে। এক হাজার ৬৬০ কোটি ডলারের ওই বাজেটে জ্বালানি ও পরিবহন অবকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য এসব খাতকে শুধু সরকারি মালিকানায় না রেখে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) উন্নয়নের কথা বলা হচ্ছে। তবে বাজেটে সরকার করের ক্ষেত্রে যে বিশেষ সুবিধা দিয়েছে, তাতে বাংলাদেশিরা কালোটাকা সাদা করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়।নির্বাচনী ইশতেহারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাজেটে গুরুত্ব পেয়েছে বলে তারবার্তায় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, খাদ্যে ভর্তুকি প্রভৃতি। এতে বলা হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সরকার সব সময়ই বড় ধরনের বরাদ্দ রাখে। কিন্তু এডিপি বাস্তবায়নে সরকার প্রায় সব সময়ই ব্যর্থ হয়। তারবার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের এ বাজেট অতিমাত্রায় সম্প্রসারণমূলক বলে বিশ্বব্যাংকের একজন অর্থনীতিবিদ মনে করেন। বিশ্বে যে আর্থিক মন্দা চলছে, এ বাজেটেও তার প্রভাব পড়বে। তবে রপ্তানি ও প্রবাসী-আয় বাড়ার কথা উল্লেখ করা হয়েছে মার্কিন দূতাবাসের ওই বার্তায়।অন্যদিকে, বাজেটে কর দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকার সমালোচনা করা হয়েছে। এতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তারবার্তায় এ প্রসঙ্গে বলা হয়, অর্থনীতিবিদেরা মনে করছেন, করের ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেওয়ায় কর আদায় করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। বিশ্বব্যাংক বলেছে, ১৯৮০ সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের সরকার করের ক্ষেত্রে মোট নয়বার এ ধরনের সুবিধা দিয়েছে। বিশ্বব্যাংক ও ব্যবসায়ীরা মনে করছেন, রাজনৈতিক কারণেই সরকার করের ক্ষেত্রে এ ধরনের সুবিধা দিতে এত বেশি উৎসাহী থাকে।