যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, এখন আর উন্নয়নের কথা না বলে জনগণের সঙ্গে ভালো আচরণ করে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করুন। তিনি বলেন, দেশের পাঁচটি সিটিতে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এতে জনগণের ভোটে বিরোধী দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এ কারণে সরকার নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছে। এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-সিরাজগঞ্জ বাইপাস সড়কের বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীর ওপর নবনির্মিত বথুয়াবাড়ি পিএসসি গার্ডার সেতু উদ্বোধন শেষে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১৪৮ মিটার দৈর্ঘ্যর এই সেতু নির্মিত হয়েছে।ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন, জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজামেঞ্চল হক প্রমুখ বক্তব্য দেন।