ভালো আছে ঊর্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের যন্ত্র কানে ঠেকাতেই শোনা গেল নারীকণ্ঠ। জানা গেল ঊর্মির একজন ভক্ত তিনি। জানতে চান, ঊর্মি কেমন আছে। সেই ঊর্মি, পিঠে ট্রান্সমিটার নিয়ে যে কচ্ছপটি সোনাদিয়া দ্বীপ থেকে বঙ্গোপসাগরে নেমে যায়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঊর্মির ওই ভক্তের সঙ্গে কথা হয়। তিনি অনুযোগ করেন, ‘সেই যে কবে ঊর্মিকে নিয়ে আপনারা লিখলেন, তার পর তো খবরই নেই। বেঁচে আছে তো ঊর্মি?’এভাবে প্রায় প্রতিদিনই ঊর্মির একাধিক ভক্তের ফোন আসে। কচ্ছপটি সম্পর্কে জানতে চান তাঁরা। তাঁদের কৌতূহল মেটাতে গতকাল বেসরকারি সংস্থা মেরিন লাইফ অ্যালায়েন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ঊর্মি সম্পর্কে তাঁরা বিস্তারিত তথ্য দেন। গত ২৯ মার্চ সন্ধ্যায় কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ৫৬ কেজি ওজনের ‘অলিভ রিডলে’ (জলপাই রঙের) ওই কচ্ছপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বঙ্গোপসাগরে ছেড়ে দেন তাঁরা। এর মূল লক্ষ্য সামুদ্রিক কচ্ছপের জীবনপ্রণালি, বিচরণসহ নানা তথ্য-উপাত্ত সংগ্রহ। এই পদ্ধতির ব্যবহার বাংলাদেশে এটাই প্রথম। কচ্ছপটি ওই দিন ভোরে গভীর সাগর থেকে সোনাদিয়া দ্বীপে ডিম পাড়তে আসে। বালুচরে গর্ত খুঁড়ে ১১০টি ডিমও পাড়ে এটি। তারপর সাগরে নেমে যাওয়ার সময় এটিকে সযত্নে ধরা হয়। পিঠে বসিয়ে দেওয়া হয় ২০০ গ্রাম ওজনের অ্যান্টেনাযুক্ত ট্রান্সমিটার।২৯ মার্চ সন্ধ্যা থেকে ৪ এপ্রিল ভোর ছয়টা পর্যন্ত প্রায় সাত দিনে ঊর্মি মহেশখালীর সোনাদিয়া উপকূল থেকে ২০৫ কিলোমিটার দূরে সাগরে চলে যায়। ওই সময়ের মধ্যে ঊর্মি সাগরের ৫৪৫ কিলোমিটার পথ পরিভ্রমণ করে। এরপর ঊর্মি নিম্নচাপের কবলে পড়ে। তিন দিন ধরে একই স্থানে এটি ঘুরপাক খায়। এ সময় ঊর্মির মাছ ধরার জালে আটকা পড়ার আশঙ্কা দেখা দেয়। দুই সপ্তাহ পর জানা গেল, কুয়াকাটার দিকে এগোচ্ছে ঊর্মি। সুন্দরবনের দিকে এগোচ্ছে। এক মাস পর জানা গেল, কুয়াকাটা থেকে ঊর্মি কুতুবদিয়া চ্যানেল হয়ে গভীর সাগরের দিকে ছুটছে। এ সময় আবার এটির জেলেদের জালে আটকা পড়ার আশঙ্কা দেখা দেয়। দুই মাস আট দিন পর গতকাল বিকেলে জানা গেল, গত রোববার দিবাগত রাত একটায় ঊর্মি ৭১২ কিলোমিটার দূরে, অর্থাৎ কক্সবাজার থেকে সোজা দক্ষিণ-পশ্চিমে (ভারতের কাছাকাছি) গভীর সাগরে অবস্থান করছে। জালে আটকা পড়ে মারা যাওয়ার আশঙ্কা আর নেই। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় লাইলার প্রভাবেও ঊর্মির কিছু হয়নি। এই দুই মাসের বেশি সময়ে ঊর্মি সাগর পরিভ্রমণ করেছে তিন হাজার ২০২ কিলোমিটার পথ। মেরিন লাইফ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও গবেষক জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ঊর্মি সাগরে ভেসে ওঠা মাত্র ট্রান্সমিটারটি স্বয়ংক্রিয়ভাবে তার অবস্থান সম্পর্কে তথ্য বা সংকেত স্যাটেলাইটে পাঠাচ্ছে। প্রতিটি স্যাটেলাইট ভূপৃষ্ঠের পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা প্রতি মুহূর্তে স্ক্যান করে থাকে। তাই পৃথিবীর যে প্রান্তেই ঊর্মি অবস্থান করুক, স্যাটেলাইটে তা ধরা পড়বে। স্যাটেলাইট থেকে সংগ্রহ করা তথ্য অস্ট্রেলিয়া থেকে ইন্টারনেটের মাধ্যমে মেরিন লাইফ অ্যালায়েন্সকে জানিয়ে দেওয়া হচ্ছে। ঊর্মির এসব তথ্য বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক অবদান রাখবে। মেরিন লাইফ এসব তথ্য সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে সরবরাহ করবে। জহিরুল ইসলাম জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ঊর্মির অনেক ভক্ত জমে গেছে। প্রতিদিন তাঁরা ওয়েবসাইটে (www.seaturtle.org/tracking/?project_id=487) গিয়ে ঊর্মির খবরাখবর নিচ্ছেন। গতকাল বেলা তিনটা পর্যন্ত ওয়েবসাইটে প্রায় ২৬ হাজার বার ঊর্মিকে অনুসন্ধান করা হয়েছে। ঊর্মির তালিকাভুক্ত গ্রাহকের সংখ্যা ১৮৫ জন।