ভালো আছে ‘মহাসেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের জ্যোৎস্না বেগমের তিন দিনের শিশুপুত্র মহাসেন সুস্থ আছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গত শুক্রবার সন্ধ্যায় মহাসেন ও জ্যোৎস্না বেগমকে তাঁদের গ্রামের বাড়ি থেকে এনে পরিচর্যা এবং চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানতে পারে, এ আশঙ্কায় গলাচিপা সদর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের ফোরকান মৃধার স্ত্রী জ্যোৎস্না বেগম (২৪) তাঁর মা ও স্বামীর সঙ্গে গত বুধবার বিকেলে বোয়ালিয়া ইউপি কমপ্লেক্স ভবনে আশ্রয় নেন।বৃহস্পতিবার সকালে ওই আশ্রয়কেন্দ্রের একটি কক্ষে জ্যোৎস্না বেগম একটি ছেলেসন্তানের জন্ম দেন। ঘূর্ণিঝড় মহাসেনের সঞ্চৃতিকে ধরে রাখতে ওই দিন বিকেলে শিশুটির নাম রাখা হয় ‘মহাসেন’। এ ঘটনায় গত শুক্রবার প্রথম আলোয় ‘জ্যোৎস্নার কোলজুড়ে মহাসেন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম বলেন, ‘পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। দুর্যোগ-পরবর্তী সময়ে নবজাতক ও প্রসূতির সার্বিক পরিচর্যা এবং চিকিৎসার জন্য তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ওরা দুজনই সুস্থ আছে।’