ভালো আছেন আবুল বাজনদার

আবুল বাজনদার ভালো আছেন। অস্ত্রোপচারের পর থেকে তাঁর মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পাননি চিকিৎসকেরা। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা প্রথম আলোকে এ কথা জানান।
আবুল বাজনদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান আবুল কালাম বলেন, আবুল বাজনদার ভালো আছেন। নতুন করে তাঁর মধ্যে কোনো সমস্যা দেখা দেয়নি।
গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবুল বাজনদারকে দেখতে বার্ন ইউনিটে যান। তাঁকে দেখে ফেরার পথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। তিনি নিজেই রোগীর খোঁজখবর রাখছেন। আবুল বাজনদারের অস্ত্রোপচার চিকিৎসকদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। চিকিৎসকদের ধন্যবাদ জানাই। যত দিন পর্যন্ত আবুল বাজনদারের চিকিৎসা প্রয়োজন হবে, তত দিন পর্যন্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।’
এদিকে আবুল বাজনদারের চিকিৎসায় যুক্ত ছিলেন এমন কয়েকজন চিকিৎসক বলেছেন, পোস্ট অপারেটিভে আবুল বাজনদার ভালো ছিলেন। তাঁর জ্বর আসেনি, অতিরিক্ত রক্তক্ষরণে ব্যান্ডেজও ভিজে ওঠেনি। সে কারণে সোমবার ব্যান্ডেজ খোলার বদলে মঙ্গলবার ব্যান্ডেজটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা আরও বলছেন, এখনই আবুল বাজনদারের শারীরিক অবস্থা সম্পর্কে শেষ কথা বলার সময় আসেনি। তাঁর শরীরে শুধু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নয়, হেপাটাইটিস বি ভাইরাসেরও সংক্রমণ আছে। ভাইরাসের সংক্রমণের কারণে গায়ে ব্যথা, ম্যাজম্যাজ করাসহ যে সমস্যাগুলো হয়ে থাকে, সেগুলো তাঁর আছেই। এর বাইরে ব্যাকটেরিয়ার অস্তিত্বও পাওয়া গেছে। এখনই ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটলেও সাধারণ কোনো অ্যান্টিবায়োটিক তাঁর শরীরে কাজ করছে না। ব্যয়বহুল এই অ্যান্টিবায়োটিকগুলোর সরবরাহও হাসপাতালে নেই। চিকিৎসকেরা নিজেরা এই ওষুধ কিনে সরবরাহ করছেন বলেও জানা গেছে।
গতকাল স্বাস্থ্যমন্ত্রীর ওই সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তাঁরা তিন সপ্তাহ পর বাঁ হাতটির অস্ত্রোপচার করবেন।
আবুল বাজনদার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন, ‘সমস্যা কিছু নেই, শুধু শরীরটা একটু দুর্বল! মাথা ঘোরায়। ডাক্তার আসতিসে কন্টিনিউ (সব সময়)। সবাইরে কবেন আমার জন্যি দোয়া করতি।’
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। ট্রি-ম্যান সিনড্রোমে ভোগা আবুল বাজনদার দারিদ্র্যের কারণে এত দিন সুচিকিৎসা পাননি। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁর ডান হাতটি থেকে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসকদের আশা, আবুল বাজনদার সেরে উঠবেন।