জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, কেউ ভালো কাজ করলে বলা হয় সে জঙ্গি হয়েছে, মৌলবাদী হয়েছে, রাজাকার হয়েছে, স্বাধীনতাবিরোধী হয়েছে। তাই গালাগালির ভয়ে অনেকেই কিছু করে না। গতকাল শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মকবুল আহমাদ এ কথা বলেন। তিনি বলেন, তিনটি কারণে মানুষ ভালো কাজ করে না। তা হলো লোকভয়, রাজভয় ও মৃত্যুভয়। তিনি এসব ভয় না পেতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।লোকভয় বলতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ইসলামের কথা বলার দরকার কী। কথা বললেই তো মানুষ রাজাকার বলবে, স্বাধীনতাবিরোধী বলবে। এসব ঝামেলার দরকারটা কী।রাজভয় বলতে তিনি বলেন, আমরা হক কথা বললেও জেলে নিয়ে যায়। তারা যখন বলে ওমুককে নাকখত দিতে হবে, এটা কি কোনো গণতান্ত্রিক কথা? হাজার হাজার লোককে জেলে দিয়েছে। এ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও জেল খেটেছেন। কাজেই এটা বড় কিছু নয়।মকবুল আহমাদ বলেন, মানুষ শেষ ভয় পায় মৃত্যুর। সঠিক কথা বললে তাকে মেরে ফেলা হবে। কিন্তু হায়াত-মওত তো আল্লাহ্র হাতে। আল্লাহ্র ফয়সালা যখন হবে, তখন কি আর কেউ বেঁচে থাকতে পারবে? আল্লাহেক ভয় করলে এটা কোনো ব্যাপারই না।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশে ’৭২-এর সংবিধানের নামে তারা (সরকার) ইসলামী রাজনীতি নিষিদ্ধের দুঃসাহস দেখাচ্ছে।