ভালো কাজের জন্য পুরস্কৃত রংপুর বিভাগের ১১ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের পুরস্কার হিসেবে রংপুর বিভাগের ১১ জন পুলিশকে পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রংপুরে পুলিশের ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই পুরস্কার দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে পুরস্কার প্রদান করেন রংপুর পুলিশের ডিআইজি হুমায়ূন কবীর। বিভাগের আট জেলার গত ডিসেম্বর মাসের পুলিশের কার্যক্রমের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে ওই ১১ জনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ এএসপি (সার্কেল) রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ূন কবীর, শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার দিনাজপুরের (এসপি) রুহুল আমিন, শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক এ কে এম খালেকুজ্জামান ও শ্রেষ্ঠ সার্জেন্ট হয়েছেন লালমনিরহাট সদর ট্রাফিক সার্জেন্ট সজল কুমার বকসী।
এ ছাড়া চৌকস পরিদর্শক রংপুর কোতোয়ালি থানার হোসেন আলী, শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা পঞ্চগড়ের উপপরিদর্শক আশরাফুজ্জামান, শ্রেষ্ঠ উদ্ধারকারী দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক দীপেন্দ্রনাথ সিংহ, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নীলফামারীর ডিমলা থানার উপপরিদর্শক আবদুল লতিফ, চৌকস সহকারী উপপরিদর্শক রংপুর কোতোয়ালি থানার সেলিম রেজা, শ্রেষ্ঠ কোর্ট অফিসার পঞ্চগড় সদর কোর্টের সহকারী উপরিদর্শক সিরাজুল ইসলাম ও শ্রেষ্ঠ কনস্টেবল দিনাজপুর বিরল থানার নাহিদ হাসান। পুরস্কার প্রদানকালে ডিআইজি হুমায়ূন কবীর বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো দলই যেন নাশকতা ও সহিংসতা করতে না পারে এ জন্য পুলিশকে সাহসের সঙ্গে আরও সজাগ হতে হবে। এ সময় তিনি মাঠপর্যায়ে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।