ভালো কাজের জন্য সরকারি চাকুরেরা পদক পাবেন
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভালো কাজের জন্য জাতীয়ভাবে পদক দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। ব্যক্তিগত, দলগত ও প্রতিষ্ঠান—এই তিন শ্রেণীতে ‘সিভিল সার্ভিস পদক’ নামের এই পদক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় এ-বিষয়ক একটি নীতিমালার খসড়া শিগগির প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। তাঁর সম্মতি পাওয়ার পর সেটি সচিব কমিটিতে চূড়ান্ত করা হবে।প্রতিবছর ২৩ জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করে আগের বছরের কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার দেওয়া হবে।ব্যক্তিগত অবদানের জন্য এক লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণপদক ও সম্মাননাপত্র; দলগত অবদানের জন্য পাঁচ লাখ টাকা, স্বর্ণপদক ও সম্মাননাপত্র এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধু পদক ও সম্মাননাপত্র দেওয়া হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, সুস্থ প্রতিযোগিতার ভিত্তিতে দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে জনমুখী প্রশাসন গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, বর্তমানে প্রশাসনে খারাপ কাজের জন্য তিরস্কার বা শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু ভালো কাজের জন্য পুরস্কারের কোনো ব্যবস্থা নেই। এটা হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের উৎসাহ বাড়বে।খসড়া নীতিমালা অনুযায়ী সাধারণ ও কারিগরি এই দুই ক্ষেত্রে তিন শ্রেণীতে (ব্যক্তিগত, দলগত ও প্রতিষ্ঠান) মোট ছয়টি পদক দেওয়া হবে। সাধারণ ক্ষেত্রে থাকবে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা, পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়ন, সংস্কার ও গবেষণা (সামাজিক গবেষণা)। আর কারিগরির ক্ষেত্র হবে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং গবেষণা (বিজ্ঞানভিত্তিক)। পুরস্কারের জন্য বিবেচনাযোগ্য অবদানের প্রকৃতি হবে ২৬টি। এগুলোর মধ্যে রয়েছে: স্বচ্ছতা, দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, উন্নত সেবা, সুশাসন, নারী উন্নয়নে অবদান, দুর্নীতি হ্রাস, আইন ও বিধিবিধান মেনে নেওয়ার মানসিকতা, প্রশাসনিক সংস্কার ইত্যাদি। পুরস্কারের মনোনয়নের জন্য জেলা, বিভাগীয়, অধিদপ্তর ও মন্ত্রণালয় পর্যায়ে আলাদা বাছাই কমিটি থাকবে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।