চট্টগ্রাম সিটি করপোরেশনে গত দুই বছরে অনেক উন্নয়নকাজ যেমন হয়েছে, তেমনি অনেক সেবামূলক কাজে গতি কমেছে। সেবামূলক কাজে গতি আনতে বর্তমান মেয়রকে আরও কঠোর মনোভাব নিয়ে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসনে নিতে হবে কার্যকর পদক্ষেপ।চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। দুপুরে শুরু হওয়া তিন ঘণ্টার সমাবেশে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি পেশাজীবীরাও বক্তব্য দেন। সভা শুরুর পর হঠাৎ করে উপস্থিত হন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। একটু পরে বক্তব্যও শুরু করেন তিনি।মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সিটি করপোরেশন চালাতে হলে নগর সরকার (সিটি গভর্নমেন্ট) গঠনের বিকল্প নেই। আমি চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই বলে হাল ছেড়ে দেওয়া চলবে না। আমাদের স্বাবলম্বী হতে হবে। উন্নয়নের জন্য সরকার টাকা না দিলে নগর সরকারকে টাকা দিয়ে উন্নয়নকাজ করতে হবে। সরকার হয়তো অনুমতি দেবে না। এ জন্য আয়বর্ধক প্রকল্প হাতে নিতে হবে। নির্বাচিত মেয়রের ওপর একজন আমলা বসিয়ে রাখা হয়। তাঁর কথামতো কাজ করলে চলবে না। মেয়র যদি অদক্ষও হন, তবু তাঁকে কথা বলতে হবে।’জলাবদ্ধতা বিষয়ে কথা বলতে গিয়ে সাবেক মেয়র বলেন, ‘জনগণের ক্ষোভ আছে। তবে এসব অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের বড় সম্পদ বন্দর। কর্ণফুলী নদী ভরাট করার ষড়যন্ত্র বহুদিন ধরে হয়েছে। তার অংশ হিসেবে একটি ঝুলন্ত সেতুর পরিবর্তে পিলার সেতু হয়েছে। তাতে নদী ভরে গেছে। এখন নদী খনন করে বালু তোলার কথা। আড়াই শ কোটি টাকা ব্যয়ে যে বালু তোলার কথা ছিল, তাতে সীতাকুণ্ড পাহাড়ের মতো আরেকটি পাহাড় জমে যেত। কিন্তু খনন করা মাটি আর বালু কোথাও দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করলে বলে, গর্ত ভরাট করা হচ্ছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের পর মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, মহিউদ্দিন চৌধুরীর প্রতি চট্টগ্রামবাসী কৃতজ্ঞ। এভাবে সবাই মিলে একসঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের নজির ঢাকাতেও নেই।চট্টগ্রাম প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ পায় দাবি করে তিনি বলেন, বিগত ২১ বছরে সরকার চট্টগ্রামকে দিয়েছে মাত্র ৯১৫ কোটি টাকা। অথচ প্রতিবছর ৬০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়। তার মধ্যে চট্টগ্রাম থেকেই জোগান দেওয়া হয় ৩৫ হাজার কোটি টাকা। নিজের দুই বছরের উন্নয়নকাজের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কাজ হয়নি বললে আমরা দুঃখ পাব, নিরুৎসাহিত হব। হয়তো আমাদের কাজের ত্রুটি আছে। দয়া করে তা ধরিয়ে দিন।’ সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ সিকান্দার খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি আলী আশরাফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা।