ভালো কাজের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং সুনাগরিক হয়ে ওঠার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে প্রথম আলোর ১৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। বন্ধুসভার সদস্যদের সহায়তায় এসব আয়োজন সম্পন্ন হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বরিশালে ১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রচারবিমুখ ওই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা বরিশাল শাখা ষ ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বরিশালে ১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রচারবিমুখ ওই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা বরিশাল শাখা ষ ছবি: প্রথম আলো

পটুয়াখালী: পটুয়াখালীর কালিকাপুর এলাকায় দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমের ১২ জনের হাতে গতকাল সকালে নতুন লুঙ্গি ও তোয়ালে তুলে দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া তাঁদের সকালের নাশতা ও ফলমূল দিয়ে আপ্যায়ন করানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া: শহীদ স্মৃতিসৌধের গায়ে থাকা বিভিন্ন অবাঞ্ছিত ও কুরুচিপূর্ণ লেখা রং-তুলি দিয়ে মুছে দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন মনির হোসেন, হাবিবুর রহমান পারভেজ, শাহনাজ জাহান, শায়লা হাই, শাহীন মৃধা ও মামুন পাঠান।
শরীয়তপুর: বন্ধুসভার সদস্যরা চিকিৎসাশিবিরের আয়োজন করেন। গত মঙ্গলবার সদর উপজেলার মুন্সীরহাট বাজারে চিকিৎসাশিবিরের কার্যক্রম চলে। এ সময় ৩০০ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ফরিদপুর: সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জগদীশ চন্দ্র ঘোষ, কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাদল দাস, সূর্য দাস, সমীর কুমার সাহা, সেতু দাস ও উজ্জ্বল সরকার।
চাঁদপুর: বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বন্ধুসভার সদস্যরা। গান পরিবেশন করেন শিল্পী ফারিয়া ইয়াসমিন ও তৃণা চন্দ। পরে অতিথি ও বন্ধুসভার সদস্যরা কেক কাটেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা বন্ধুসভার উদ্যোগে ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে জন্মদিনের কার্যক্রম শুরু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে বন্ধুসভার সদস্যরা শহীদ মিনারে পরিচ্ছন্নতা অভিযান চালান।
গোপালগঞ্জ: পাঠাগার আন্দোলনের পথিকৃৎ মঈন উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন মঈন উদ্দিন, মো. নাজমুল ইসলাম, গাজী লতিফ, অর্চনা রায়, পূরবী শেখ প্রমুখ।
নবাবগঞ্জ (ঢাকা): সকালে বন্ধুসভার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জামিলুর রহমান, শামসুল করিম খান, শফিকুর রহমান প্রমুখ।
ঠাকুরগাঁও: সদর উপজেলার কহরপাড়া গ্রামের রওশন আরা দুরারোগ্য ক্যানসারে ভুগছেন। কিন্তু চা বিক্রেতা মজিবর রহমানের পক্ষে তাঁর স্ত্রীর চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। বন্ধুসভার সদস্যরা তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন। একই গ্রামের কৃষক আবদুর রশিদের নিজের কোনো আবাদি জামি নেই। এক বিঘা জমি বর্গা নিয়ে তাতে বোরো-আমন আবাদ করেন তিনি। কিন্তু হাতে টাকা না থাকায় ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। বন্ধুসভার সদস্যরা তাঁর জমির ধান কেটে ঘরে তুলে দেন।
ময়মনসিংহ: সকাল সাড়ে ১০টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন মো. শাজাহান কবীর, কাজী শিরিন বাহার, সনৎ ঘোষ ও আজিজুর রহমান।
বরগুনা: বৃহস্পতিবার গভীর রাতে বরগুনা শহরের বিভিন্ন সড়কের গতিরোধকে রং করেন বন্ধুসভার সদস্যরা।
মৌলভীবাজার: পাখিপ্রেমিক আরক আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রামে। দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে পাখির জন্য অভয়াশ্রম গড়ে তুলেছেন তিনি।
নীলফামারী: দুপুরে বন্ধুসভার সদস্যরা নীলফামারী শহীদ মিনার চত্বর ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালান। পরে তাঁরা দুই শতাধিক গাছের চারা বিতরণ করেন।
নারায়ণগঞ্জ: সকাল ১০টায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে কেক কেটে এবং বৃক্ষরোপণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কমল কান্তি সাহা, আবদুস সালাম, রফিউর রাব্বি প্রমুখ।
খাগড়াছড়ি: বর্ণাঢ্য শোভাযাত্রা, অনাথ আশ্রমের বৌদ্ধভিক্ষুদের সঙ্গে মুঠি চাউল সংগ্রহ ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ভোলা: ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রুহুল আমিন, জাহাঙ্গীর, ইয়ারুল আলম প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রদীপ রায়, আঁখি দে, অহনা প্রমুখ।
লালমনিরহাট: কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক ও বায়ান্নর ভাষাসৈনিক সামছুল হক দুজন শিক্ষার্থীর হাতে পরীক্ষার ফরম ফিলাপের টাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেহানা খাতুন ও শরিফা আক্তার।
গাইবান্ধা: সন্ধ্যায় পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান করেন সিরাজুল ইসলাম, চুনি ইসলাম, আবদুর রাজ্জাক, মাহমুদ সাগর, জিয়া, ফেমা, তাসনিয়া প্রমুখ। নৃত্য পরিবেশন করে তাসলিমা ও স্বপন।
পিরোজপুর: বন্ধুসভার উদ্যোগে আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নম্বর আসামি পিরোজপুরের সন্তান শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের নামে করা (পিরোজপুর-হুলারহাট সড়ক) সড়কধারে নামফলক নির্মাণ করা হয়।
নরসিংদী: বেলা ১১টার দিকে শহরের হেমেন্দ্র সাহার মোড়ে ইসলাম প্লাজা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন কালাম মাহমুদ, হোসেন মো. সোহরাওয়ার্দী প্রমুখ।
খুলনা: নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলায়তনে বিকেল পাঁচটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন শংকর কুমার মল্লিক, শেখ আবদুল কাইয়ুম, মোস্তাফা জামাল প্রমুখ।
নড়াইল: মজা পুকুর পরিস।ার, ভাষাসৈনিককে সম্মাননা প্রদান, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। সকালে জাতীয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার বাসার সামনের সরকারি বালক বিদ্যালয়ের মজা পুকুর পরিষ্কার করেন বন্ধুসভার সদস্যরা।
রাঙামাটি: বীরশ্রেষ্ঠ আবদুর রউফ স্মৃতিসৌধে আয়োজিত বন্ধুসভার সদস্য ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্পশোনা ও সঞ্চৃতিসৌধ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান আদিবাসী মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের মরদেহ সমাহিত করা দয়াল কৃষ্ণ চাকমা।
কিশোরগঞ্জ: বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন নাসির উদ্দিন
ফারুকী, আবু খালেদ পাঠান, শেখ সেলিম কবীর।
সিলেট: ১৫টি পায়রা উড়িয়ে উদ্যাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। বিকেলে শহীদ মিনারে ক্রীড়াবিদ রণজিত দাসের নেতৃণেত্ব সিলেটের ১৫ জন নবীন-প্রবীণ বিশিষ্টজন ১৫টি পায়রা উড়িয়ে বাংলাদেশ শান্তির পথেই হাঁটবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সাতক্ষীরা: প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রভাষ চ্যাটার্জি। বক্তব্য দেন আবদুল হামিদ, সালেহা আক্তার প্রমুখ। পরে বন্ধুসভার সদস্য লক্ষ্মী ব্যানার্জি, স্বপ্না পাল ও তুষার মিত্রের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জ: বিকেলে পৌর মুক্তমঞ্চে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সবাই মিলে জন্মবার্ষিকীর কেক কাটেন।
টাঙ্গাইল: প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানে শামসুল হুদা, বাদল মাহমুদ, কাজী জাকেরুল মওলা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা সুবিধাবঞ্চিত ২১টি শিশুশিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
যশোর: বিকেলে যশোর বন্ধুসভার উদ্যোগে শহরের বিনোদনকেন্দ্র কালেক্টরেট পার্ক ধূমপানমুক্ত ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রচারাভিযান চালানো হয়। অভিযানের উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম।
চুয়াডাঙ্গা: দিনের ভালো কাজ হিসেবে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার কণ্ঠশিল্পী মোক্তার হোসেনের সঙ্গে দেখা করে তাঁর এক মাসের ওষুধ কিনে দেন।
সিরাজগঞ্জ: জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তন্ময় দাস, জহুরুল হক রাজা প্রমুখ। আলোচনার শুরুতে জেলায় বৃক্ষরোপণে অসামান্য অবদান রাখার জন্য নীরব বৃক্ষপ্রেমিক রামলাল সরকারকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ: ‘লুপ্ত ধানের রক্ষক’ রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামের কৃষক ইউসুফ মোল্লাকে সংবর্ধনা দেন বন্ধুসভার সদস্যরা।
পঞ্চগড়: বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এহতেশামুল হক, রাজু মিয়া প্রমুখ বক্তব্য দেন।
নাটোর: বিকেলে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ, সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।
নেত্রকোনা: বন্ধুসভার সদস্যরা রেলওয়ের কোর্ট স্টেশন এলাকা থেকে নেত্রকোনা বড় স্টেশন পর্যন্ত রেললাইনের পাশের বাড়িগুলোতে গিয়ে ট্রেনে ঢিল ছোড়া বন্ধের অনুরোধ জানান।
কুষ্টিয়া: সদর উপজেলার বংশীতলা গ্রামে বীরাঙ্গনা রাবেয়া খাতুনের বাড়িতে গিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনেন বন্ধুসভার সদস্যরা।
মুন্সিগঞ্জ: বিকেলে শিল্পকলা একাডেমীর সভাকক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার হাবিব ও ইশরাত জাহান জয়া।
রাজবাড়ী: বিকেলে অনুষ্ঠানে আলোচনা সভার পর বালিয়াকান্দির সফল কলাচাষি আবদুল কাদের ব্যাপারীকে সংবর্ধনা দেওয়া হয়।
ঝালকাঠি: শিশুসদনের অনাথ শিশুদের সঙ্গে আনন্দ আড্ডার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন বন্ধুসভার সদস্যরা।
রংপুর: বন্ধুসভার সদস্যরা টাউনহল বধ্যভূমি সঞ্চৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করেন। এ ছাড়া আলোর পথযাত্রী হিসেবে পায়রাবন্দের রফিকুল ইসলাম দুলালকে সম্মাননা প্রদান করা হয়।
নোয়াখালী: বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এবং মিলনায়তনের সামনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করেন ইমরান হোসেন, সুমী মজুমদার ও স্বর্ণা।
মানিকগঞ্জ: বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লোককবি মো. সাইদুর রহমান বয়াতিকে সম্মাননা স্মারক হিসেবে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা ক্রেস্ট প্রদান করে।
ঝিনাইদহ: কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হলো বর্ষপূর্তি অনুষ্ঠান।
ফেনী: প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে বন্ধুসভার পাঁচজন সদস্য স্বেচ্ছায় জয়নাল আবদীন ব্লাড ব্যাংকে রক্ত দান করেন।
লক্ষ্মীপুর: বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন প্রিতম দে, নবনিতা দে, নৃত্য পরিবেশন করেন শাকিল ও মোহন। দুপুরে বন্ধুসভার সদস্যদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর চারপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বাগেরহাট: বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের পর সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম ও বন্ধু মল্লিক স্বাধীন রহমান। এর আগে সকালে বন্ধুসভার সদস্যরা চারটি ব্যস্ত সড়কের গতিরোধকে রং করেন।
পাবনা: সকালে বন্ধুসভার সদস্যরা পাবনা শহরের ঐতিহ্যবাহী পুরাকীর্তি জোড়বাংলা মন্দিরের ভেতরে-বাইরে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মন্দির চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
রাজশাহী: শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহকে সংবর্ধনা দেওয়া হয়। মিঞাপাড়ায় সাধারণ পাঠাগারে গতকাল বিকেলে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর: বিকেল চারটায় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ।
কুড়িগ্রাম: সকালে ব্রহ্মপুত্র নদের খাসেরচরে বাল্যবিবাহ রোধে চরবাসীর সঙ্গে মতবিনিময়, সন্ধ্যায় প্রেসক্লাব চত্বরে আলোচনার সভা, জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
জামালপুর: সকালে শহরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দূষণ রোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়। বিকেলে শোভাযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।