ভালো কিছু করার ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ উচ্চবিদ্যালয় মাঠে অনুশীলন করছেন জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্যরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ উচ্চবিদ্যালয় মাঠে অনুশীলন করছেন জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্যরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলতি মাসের শেষের দিকে বসছে ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ। এ আসরে বাংলাদেশও অংশ নেবে। সেখানে ভালো কিছু করার স্বপ্ন দেখে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। স্বপ্নপূরণের আশায় তাই কঠোর অনুশীলন করছেন দলটির খেলোয়াড়েরা। রাজধানীর অদূরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ উচ্চবিদ্যালয় মাঠে দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে তাঁদের এই অনুশীলন।
জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক হাফিজুর রহমান (৫০) প্রথম আলোকে বলেন, চোখে তাঁদের আলো না থাকলেও মনে আছে জোর। চেষ্টারও ত্রুটি রাখতে চান না। তিনি বলেন, ‘অপ্রতুলতার মধ্যেও আমরা অনুশীলন করে যাচ্ছি। আপ্রাণ চেষ্টা করছি। যাতে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ-১৪ টুর্নামেন্টে আমরা ভালো খেলতে পারি।’
অধিনায়ক জানান, ভোর সাড়ে ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তাঁর এক দফা অনুশীলন করেন। এরপর এক ঘণ্টা বিরতি। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত আবার অনুশীলন চলে। এরপর খাবার বিরতি দিয়ে সাড়ে তিনটা শুরু করে সাড়ে পাঁচটা পর্যন্ত আবার অনুশীলন চলে।
জানতে চাইলে নিজের জীবনের গল্পটাও বলেন অধিনায়ক হাফিজুর। তাঁর বাবা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এ এস এম আজিজুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে স্কুলজীবনে ক্রিকেটে হাতেখড়ি। এর পর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সক্রিয়ভাবে ক্রিকেট খেলেছেন। ১৯৮৭ সালে তাঁর বাবার মৃত্যু হয়। ১৯৮২ সালে রাজধানীর সিটি কলেজ থেকে বিএ পাস করার দুই বছর পর তিনি কর্মজীবনে প্রবেশ করেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে যান। ‘রেটিনাইটস পিগসোনটোসা’ রোগে আক্রান্ত হয়ে ২০০৩ সালে দৃষ্টিশক্তি হারান। বাংলাদেশসহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও দৃষ্টিশক্তি আর ফিরে পাননি। তিনি ২০০৭ সালে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতিতে প্রকল্প সমন্বয়কারী হিসেবে যোগ দেন। ক্রিকেটে দক্ষতার কারণে সমিতির কর্মকর্তাদের অনুপ্রেরণায় ওই বছরই যুক্ত হন ব্লাইন্ড ক্রিকেট দলে।
হাফিজুর ২০১২ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টেও অধিনায়কের দায়িত্ব পালন করেন।
জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সহ-অধিনায়ক বাদল কুমার দাসের (২৭) কণ্ঠেও আশাবাদ। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে আমরা যে অনুশীলন নিয়েছি, তাতে এবারের টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড পার হয়ে পরবর্তী ধাপে যাওয়ার আশা রাখি।’
বাদল কুমার বলেন, তাঁর বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলা গ্রামে। সাত বছর বয়সে জ্বর ও জলবসন্তে আক্রান্ত হয়ে দৃষ্টি হারান। তখন তিনি দ্বিতীয় শ্রেণির ছাত্র। এরপর এক আত্মীয়ের সহযোগিতায় চট্টগ্রামের মুরাদপুরে দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে চট্টগ্রামের প্রবর্তক বিদ্যাপীঠ থেকে ২০০৬ সালে এসএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে যুক্ত হন ব্লাইন্ড ক্রিকেট দলের সঙ্গে। বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টেও তিনিও অংশ নিয়েছিলেন।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) সূত্রে জানা গেছে, তিন ক্যাটাগরির দৃষ্টিহীন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেবেন। এর মধ্যে বি-১ ক্যাটাগরিতে খেলবেন সম্পূর্ণ দৃষ্টিহীন চারজন, বি-২ ক্যাটাগরিতে আংশিক দৃষ্টিহীন তিনজন ও বি-৩ ক্যাটাগরিতে অংশত আংশিক দৃষ্টিহীন (যাঁদের দৃষ্টিসীমা ২০ মিটার) চারজন খেলোয়াড়। গত ১৯ সেপ্টেম্বর থেকে জয়মণ্টপ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম পর্বের অনুশীলন শুরু হয়ে তা চলে ৪ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় পর্বের অনুশীলন শুরু হয়েছে ৯ অক্টোবর। এই অনুশীলনের আয়োজন করেছে বিবিসিসি। বিশ্বকাপের আসর বসবে ২৬ নভেম্বর, শেষ হবে ৯ ডিসেম্বর।
বিবিসিসি সূত্র জানায়, মোট ২০ জন খেলোয়াড় অনুশীলন করছেন। দেশের বিভিন্ন ব্লাইন্ড ক্রিকেট ক্লাব থেকে দক্ষতার ভিত্তিতে তাঁদের বাছাই করা হয়েছে। কোচ সানোয়ার আহম্মেদ এবং সহকারী কোচ নাজমুল কবীর তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁদের মধ্যে ১৭ জন দক্ষিণ আফ্রিকায় যাবেন।
এর আগে ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল। ওই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে আটজন এবারের ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ডব্লিউবিসিসি আয়োজিত এই টুর্নামেন্টে ৪০ ওভারের খেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা অংশ নিচ্ছে।
বিবিসিসির পরিচালক (অর্থ) ও দলের ব্যবস্থাপক মো. তাইজুদ্দিন বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের কোনো প্রতিষ্ঠান আমাদের সহায়তায় এগিয়ে আসেনি। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা পেলে আমরা আরও ভালো করব।’