ভালো ছবি উপহার দেন সহযোগিতা করব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভালো ছবি তৈরি করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তাঁদের অনেকের সঙ্গে ছবি তোলেন এবং কুশল জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পী-পরিচালক ও প্রযোজকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো ছবি উপহার দেবেন, আমরা আপনাদের যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ প্রধানমন্ত্রী বিশেষ করে সৃজনশীল ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রযোজক-পরিচালকের পুরস্কারের অর্থমূল্য ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এবার থেকে ৫০ হাজার করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। প্রধানমন্ত্রী বলেন, এ বছর থেকে দুটির বদলে ছয়টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একেকটি ছবির জন্য ১৯ লাখ টাকা দেওয়া হবে। তিনি বলেন, ‘যদিও আমি মনে করি যে এই টাকা যথেষ্ট নয় এবং আগামী বছর থেকে যেন টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়, এজন্য তথ্যমন্ত্রীকে অনুরোধ করছি।’ এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী। পরে ২০০৮ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার পেয়েছেন স. আজম ফারুক, মুরাদ পারভেজ, ইমন সাহা, মাসুম বাবুল, রিয়াজ, পপি, শামস সুমন, জহির উদ্দিন পিয়ার, দিলারা জামান, চম্পা, মোহাম্মদ রফিকুজ্জামান, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, আলম খান, মাহফুজুর রহমান খান, কবির বকুল, মো. রেজাউল করিম, মো. সহিদুল হক, মো. কলমতর, দীঘি, ওয়াফা ও মো. শামছুল ইসলাম।