ভালো থেকো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলের গান ও  নিয়াভ নি কারার যৌথ পরিবেশনা l প্রথম আলো
জলের গান ও নিয়াভ নি কারার যৌথ পরিবেশনা l প্রথম আলো

‘সাত হাজার কিলোমিটার দূর থেকে এসেছি শুধু গান শোনাতে।’—ইংরেজিতে বলা এই একটি বাক্যই দর্শকদের দুহাত এক করে দিল বারবার। তারপর যতক্ষণ আয়ারল্যান্ডের শিল্পী নিয়াভ নি কারা দলবলসমেত মঞ্চে থাকলেন, অসংখ্যবারই দুহাত এক জায়গায় করেছেন ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে অংশ নেওয়া হাজার হাজার দর্শক। এত দূর থেকে এসে এত করতালি পাওয়ার পর নিয়াভের কেমন লেগেছে, সে প্রশ্ন থাকুক; বরং তিন দিনের এই আয়োজনের গতকালকের শেষ দিনের গল্পটাই বলা যাক। উৎসবের তৃতীয় ও শেষ দিনের প্রথম গানের দল জলের গানের পরিবেশনা চলাকালীনই মঞ্চে আসে আয়ারল্যান্ডের এ দলটি। জলের গান ততক্ষণে ধরেছে ‘পাতার ছবি আঁকি’। এই গানে তাঁদের সঙ্গে বাজালেন নিয়াভ নি কারার দলটিও। যাঁকে আমেরিকার পাবলিক রেডিও খেতাব দিয়েছে ‘ঈশ্বরপ্রদত্ত শিল্পী’। দর্শকের বাড়তি পাওনা হিসেবে যোগ হলো রাহুলের মঞ্চ ঘুরে ঘুরে নাচ। মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৫’ শেষ দিনের শুরুতেই মাতোয়ারা হলো সমবেত দর্শক।
জলের গান শুরু করেছিল পাখির গান ‘সোয়া যাও যাওরে তেপান্তর’ দিয়ে। তারপর দলটি একে একে শোনায় ফুলের গান (বকুল ফুল), পাতার গান (ঝরা পাতা)সহ মোট ছয়টি গান। গানের ফাঁকে ফাঁকে জলের গানের শিল্পী রাহুল আনন্দ বাংলাদেশকে শুভকামনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ তুমি ভালো থেকো’। সঙ্গে সঙ্গে শুরু করেন ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি। তাঁদের সঙ্গে যোগ দেন আর্মি স্টেডিয়ামের কয়েক হাজার দর্শক। মঞ্চ ছাড়ার আগে হাতে বানানো নতুন বাদ্যযন্ত্র ‘পাগলি’র সঙ্গে মজলিসের সবাইকে পরিচয় করিয়ে দেন।
তৃতীয় দিনের এই আসরেও স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অতিথি বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। আসাদুজ্জামান নূর বলেন, ‘এ দেশের তরুণ সমাজ লোকসংগীতের প্রতি আগ্রহী হয়ে উঠছে, এটা দেখে বুক ভরে উঠছে। কিন্তু লোকসংগীতের আদি ও অকৃত্রিম ধারাটি ধরে রাখতে হবে।’
আবুল খায়ের বলেন, ‘এ ধরনের আয়োজন সবার মাঝে মনন তৈরিতে সাহায্য করে। আমরা এমন আয়োজনের প্রত্যাশা করি।’ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অঞ্জন চৌধুরী বলেন, ‘আমি নিজে লোকসংগীত শুনতে পছন্দ করি। আমাদের আয়োজনে সাড়া দিয়ে অসংখ্য দর্শক এসে আমাদের গর্বিত করেছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা বিশ্বে আয়োজনটি সাড়া ফেলছে। আমরা আগামীতে আমাদের আয়োজন অব্যাহত রাখতে চাই।’
পরে অতিথিবৃন্দ, জলের গান ও আয়ারল্যান্ডের শিল্পী নিয়াভ নি কারার হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেওয়া হয়।
গতকালের তৃতীয় পরিবেশনায় মঞ্চে ওঠে ইন্ডিয়ান ওশান। গানের দলটি প্রথমবার বাংলাদেশে আসার অনুভূতি প্রকাশ করে বাদ্যযন্ত্র দিয়ে। ফ্রান্সের প্যারিসে সদ্য ঘটে যাওয়া হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নিবেদন করে ‘আরে রুখ যারে বান্দে’ গানটি। তাদের তবলা ও বেজ গিটারের আলাপ শিহরিত করে দর্শকদের। দুহাতে তালি বাজিয়ে দর্শকেরাও অংশ নেন দলটির সঙ্গে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দর্শকদের সামনে গান করছিলেন ভারতের পার্বতী বাউল। গান শোনানোর অপেক্ষায় ছিলেন পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আবিদা পারভীন ও রাজস্থানি ব্যান্ড হামিরা থেকে মাঙ্গানিয়ারস। তৃতীয় দিনের এই অনুষ্ঠান উপস্থাপনা করেন অদিতি মহসিন।