নড়াইলে বোরো ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান ওঠায় কৃষকেরা আনন্দে মাতোয়ারা। মাঠের পর মাঠ পেরিয়ে, গ্রাম থেকে গ্রামান্তরে ছুঁয়ে গেছে এই আনন্দ। তবে ভালো দাম পাওয়া নিয়ে কৃষকেরা আশঙ্কায় আছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২০১৪-১৫ মৌসুমে জেলায় ৪০ হাজার ৭২২ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু আবাদ হয়েছে ৪১ হাজার ৭৩০ হেক্টর। গত মৌসুমে (২০১৩-১৪) আবাদ হয়েছিল ৪১ হাজার ৫০৫ হেক্টরে। গত মৌসুমের চেয়ে আবাদ যেমন বেড়েছে, তেমনি ফলনও ভালো হয়েছে।
লোহাগড়া উপজেলার মিঠাপুরন গ্রামের কৃষক জসিম উদ্দীন বলেন, ‘বর্তমানে প্রতি মণ ধান ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হচ্ছে। এতে আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না। প্রতি মণ ধান যদি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হতো তাহলে কৃষকেরা বেঁচে থাকতে পারত।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক শেখ আমিনুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে ব্রি-২৮ ধান কাটা শুরু হয়েছে। প্রতি হেক্টরে ৩ দশমিক ৮ মেট্রিকটন চাল উৎপাদন হচ্ছে।