পাবনার সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের পেঁয়াজচাষি আবদুল করিম এবার দুই বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করে ৪৫ মণ পেঁয়াজ পেয়েছেন। অথচ গত বছর একই পরিমাণ জমি থেকে পেঁয়াজ পেয়েছিলেন ৮০ মণেরও বেশি। অবশ্য গত বছরের তুলনায় এবার পেঁয়াজের দাম কিছুটা বেশি হলেও তাতে লাভ তো দূরের কথা ব্যাপক লোকসান গুনতে হচ্ছে তাঁকে।
আবদুল করিম বলেন, ‘নিজে হাতে চাষ করছি দেইখ্যা দুই বিঘায় আবাদের মোট খরচ হইছে ৩০ হাজার টাকা। এর ওপর অন্যের জমি হওয়ায় দুই বিঘায় বাৎসরিক লিজ (ভাড়া) বাবদ দেওয়া লাগিছে ২৫ হাজার টাকা। তার মানে সব মিলায়া খরচ হইছে ৫৫ হাজার টাকা। অথচ এক হাজার টাকা মণ দরে পেঁয়াজ বেইচ্যা পাইল্যাম ৪৫ হাজার টাকা। এবার পিঁয়্যাজ চাষ করব্যার যায়া আমরা এক্কেরে শ্যাষ।’
আবদুল করিমের মতো একই অবস্থা পাবনার সাঁথিয়া উপজেলার বেশির ভাগ পেঁয়াজচাষির। মার্চের প্রথম সপ্তাহে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হওয়ায় উপজেলার বেশির ভাগ পেঁয়াজের খেত ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় জমিতে বোনা পেঁয়াজের বেশির ভাগ চারা ভেঙে পড়ে। অন্যদিকে সপ্তাহ খানেক আগে পেঁয়াজ তোলার গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টি হওয়ায় জমি থেকে উত্তোলনের অপেক্ষায় থাকা পেঁয়াজগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অনেক জমির পেঁয়াজ পচে নষ্ট হওয়ার পাশাপাশি বেশির ভাগ জমির পেঁয়াজের মান খারাপ হয়ে যায়। এতে পেঁয়াজের ফলনেও দেখা দেয় বিপর্যয়। এ অবস্থায় লাভ দূরের কথা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন পেঁয়াজচাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। লাভজনক ফসল বিবেচিত হওয়ায় এ উপজেলায় পেঁয়াজের আবাদ বেড়েই চলেছে। গত বছর এ উপজেলায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। গত বছরের মধ্যবর্তী কয়েক মাস অগ্নিমূল্যে পেঁয়াজ বিক্রি হতে দেখে কৃষকেরা এবার পেঁয়াজ চাষে আরও বেশি করে ঝুঁকে পড়েছেন। ফলে গতবারের চেয়ে এবার পেঁয়াজের আবাদ বেড়েছে ২ হাজার ২০০ হেক্টর জমিতে। এবার সাঁথিয়ায় পেঁয়াজের আবাদ হয়েছে ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে।
উপজেলায় দুই পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। আর তা হলো মূলকাটা ও হালি পদ্ধতি। মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসে ও হালি পদ্ধতিতে শুরু হয় ডিসেম্বর-জানুয়ারি মাসে। দুই থেকে তিন সপ্তাহ হলো হাটে হালি পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।
গতকাল (শনিবার, ৯ মে) সাঁথিয়ার করমজা হাটে গিয়ে দেখা যায়, কৃষকেরা বিক্রির জন্য হাটে প্রচুর পেঁয়াজ নিয়ে এলেও তাঁদের মুখে হাসি নেই। হাটে ওঠা বেশির ভাগ পেঁয়াজের মান উন্নত মানের নয় বলে পেঁয়াজচাষি ও ব্যবসায়ীরা জানান। হাটে প্রতি মণ পেঁয়াজ ৯০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
হাটে পেঁয়াজ নিয়ে আসা উপজেলার পুণ্ডুরিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, তিনি দুই বিঘা জমিতে এবার পেঁয়াজের আবাদ করেছিলেন। নিজে হাতে না করে শ্রমিকদের মাধ্যমে চাষ করানোয় তাঁর খরচ হয়েছে বেশি। প্রতি বিঘায় ২০ হাজার টাকারও বেশি খরচ হয়েছে। অথচ দুই দফায় ঝড় ও বৃষ্টির কারণে একেক বিঘায় ফলন হয়েছে ১৫ মণ করে। নজরুল বলেন, ‘গতবার দুই বিঘায় ৮২ মণ পেঁয়াজ পাইছিল্যাম। এবার পেঁয়াজের যে দাম তাতে গতবারের মতো ফলন হলি পেঁয়াজচাষির ঘরে আনন্দের ধুম পইড়্যা যাইত। কিন্তু এখন ঠিক উল্টা অবস্থা।’
করমজা হাটের পেঁয়াজের আড়তদার খান ট্রেডার্সের মালিক আয়নাল খান বলেন, ‘এবার পেঁয়াজের ফলন কম, মানও খারাপ। গত বছর এ সময় প্রতি হাটে ৪০ থেকে ৪৫ ট্রাক পেঁয়াজ এখান থেকে দেশের বিভিন্ন স্থানে গেছে। অথচ এবার যাচ্ছে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামাণিক বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ ভাগের মতো পেঁয়াজের ফলন কম হয়েছে। ফলন কিছুটা কম হলেও এবার কৃষকদের লোকসান নয়, লাভই হওয়ার কথা। কারণ এবার পেঁয়াজের দাম বেশ ভালো।