ভালো নেই খাগড়াছড়ির গুচ্ছগ্রামের বাঙালিরা
খাগড়াছড়ি জেলার বাঙালি অধ্যুষিত ৮১টি গুচ্ছগ্রামের মানুষের জীবন একটি দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। ফাঁদে ফেলে চক্রটি গ্রামবাসীর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গ্রামবাসীর জন্য সরকারি সহায়তার বেশির ভাগ চলে যায় এ চক্রটির হাতে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বাঙালি অধ্যুষিত ৮১টি গুচ্ছগ্রামের ২৬ হাজার ২২৩টি পরিবারের প্রতিটিকে একটি করে রেশন কার্ড দেওয়া হয়েছে। প্রতি রেশন কার্ডের জন্য সরকার প্রতি মাসে ৮৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ দেয়। গ্রামবাসীকে ফাঁদে ফেলে এই খাদ্যশস্য থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। খাগড়াছড়ি সদরের ভুয়াছড়ি গুচ্ছগ্রামের মধ্যমপাড়ার বাসিন্দা আবদুল করিম (৬৫) জানান, তিনি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাড়ে ২৯ কেজি আতপ চাল এবং সাড়ে ৫৫ কেজি গম পেয়েছেন। আতপ চাল খেতে অভ্যস্ত না হওয়ায় ২৫-২৬ টাকা কেজিতে আতপ চাল বিক্রি করে ৩১-৩২ টাকায় সেদ্ধ চাল কিনেছেন তিনি। আর গম অতি নিম্নমানের হওয়ায় বিক্রি করতে হয়েছে বাজারদরের অর্ধেক দিয়ে। এভাবে প্রতি মাসে রেশনের খাদ্যশস্যের নামে তাঁরা প্রতারণার শিকার হচ্ছেন।একই গুচ্ছগ্রামের বড়নাল বাংলাবাজার এলাকার বাসিন্দা আবদুল হামিদ (৫৩) বলেন, রেশনের এক-তৃতীয়াংশ আতপ চাল দেওয়া হয়, দুই ভাগ দেওয়া হয় গম, যা খুবই নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী। রেশন বিতরণের সময় প্রকল্প চেয়ারম্যানরা বিতরণকেন্দ্রে চাল নিয়ে যান আর নমুনা হিসেবে চার-পাঁচ বস্তা গম নেন। গুচ্ছগ্রামবাসী চাল নিলেও বাধ্য হয়ে বাজারদরের অর্ধেক দামে গম বিক্রি করে দেন। কারণ ওই গম খাওয়া যায় না। পরে প্রকল্প চেয়ারম্যানরা খাদ্যগুদামের কর্মকর্তাদের যোগসাজশে গুদাম থেকে ভালো গম উঠিয়ে বাজারে বিক্রি করে দেন।খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা গুচ্ছগ্রামের আবদুল আওয়াল হাওলাদার (৫০) বলেন, গুচ্ছগ্রামে যত রেশন কার্ড আছে, তার অন্তত ৪০ শতাংশ মহাজনের কাছে বন্ধক আছে। কোনো পরিবার অসুখ-বিসুখে বা অন্য কোনো বিপদে পড়লে টাকার জন্য রেশন কার্ড মহাজনের কাছে বন্ধক দেয়। সেই কার্ড মহাজনের কাছ থেকে আর ছোটানো সম্ভব হয় না। এভাবে ৪০ শতাংশ কার্ডধারী মহাজনদের কাছে জিম্মি হয়ে আছে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান নিয়োগে কোনো নীতিমালা নেই। বেশির ভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই এই পদে নিয়োগ পান। তাই গুচ্ছগ্রামবাসীর প্রতি তাঁদের কোনো দায়বদ্ধতা থাকে না। রেশনের কার্ডধারীদের গোপন ভোটে প্রকল্প চেয়ারম্যান নির্বাচনের দাবি জানিয়েছেন গুচ্ছগ্রামের বাসিন্দারা।