ভালো নেই চলনবিলের আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবারও ভাদ্র এসেছে। আবারও কাজের অভাবে পড়েছেন চলনবিলের প্রায় ৫০ হাজার আদিবাসী। জীবন বাঁচাতে অনেকে কম দামে আগাম শ্রম বিক্রি করছেন, মহাজনের কাছ থেকে উচ্চসুদে ঋণ নিচ্ছেন। কেউ কেউ ঝাড়ু ও খেজুরপাতার পাটি বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছেন।
আদিবাসী নেতারা তাঁদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার সুবিধা দিয়ে বিশেষ কর্মসূচির আওতায় এনে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
আদিবাসী সংগঠনের নেতারা জানান, চলনবিলের নাটোরের গুরুদাসপুর ও সিংড়া, সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রায় ৫০ হাজার আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) বসবাস করে। এদের মধ্যে উড়াও, মাহাতো, রাজবংশী, রবিদাস, কনকদাস ও স্বল্পসংখ্যক সাঁওতাল আদিবাসী নারী-পুরুষ রয়েছেন। একসময় এসব সম্প্রদায়ের নারী-পুরুষ বন-জঙ্গলে ঘুরে শিয়াল, খরগোশ, বেজি, কচ্ছপসহ নানা ধরনের প্রাণী নিধন করে জীবিকা নির্বাহ করত। সময়ের ব্যবধানে বনবাদার উজাড় হয়ে পড়ায় তাদের জীবিকার পথ বন্ধ হয়ে পড়ে। সংসার চালাতে তারা কৃষি ও ইটভাটায় শ্রমিকের কাজ বেছে নেয়। কঠোর পরিশ্রমী ও সহজ-সরল আদিবাসীদের শ্রমের দাম অপেক্ষাকৃত কম হওয়ায় তাদের শ্রমের চাহিদা অনেক বেশি। কিন্তু বর্ষা এলে এলাকায় তাদের কাজ থাকে না। এর মধ্যে ভাদ্র থেকে কার্তিক মাসে সবচেয়ে সমস্যায় পড়ে। কেননা এই সময় মাঠে, ইটভাটা ও কৃষকের বাড়িতে শ্রমিকের কাজ থাকে না।
১০ আগস্ট তাড়াশের উলিপুর এলাকায় গিয়ে দেখা গেছে, পাঁচ-ছয়জন আদিবাসী নারী চলনবিলের মাঠ থেকে বিন্নার ফুল (ফুলের ঝাড়ু তৈরি হয়), কেউ কেউ বিভিন্ন গাছ থেকে খেজুরের পাতা সংগ্রহ করছেন। ওই দলের অনিমা উড়াও ও রুপালী কেরকাটা জানান, তাঁদের বাড়ি তাড়াশের মাধাইনগর গ্রামে। কাজ না থাকায় জীবিকা হিসেবে এগুলো সংগ্রহ করছেন। বাড়িতে নিয়ে ঝাড়ু ও খেজুর পাতার পাটি তৈরি করে বিক্রির পর চালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন।
তাড়াশের মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর মণ্ডল জানান, এখন হাতে কাজ না থাকায় আদিবাসী নারী-পুরুষেরা আগামী অগ্রহায়ণ-পৌষ মাসে ধান লাগানো ও কাটা, ইটভাটায় ইট তৈরি এবং গৃহস্থের বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে চুক্তিবদ্ধ হচ্ছেন। এ জন্য তাঁরা দিনহাজিরা ১৫০-২০০ টাকায় আগাম শ্রম বিক্রি করছেন। অথচ ভরা মৌসুমে মজুরি থাকে ৩০০-৩৫০ টাকা। অনেকে আগাম শ্রম বিক্রি না করে গ্রামের মহাজনদের কাছ থেকে উচ্চসুদে টাকা নিয়ে সংসার চালাচ্ছেন।
কাজের অভাবে আদিবাসীরা আগাম শ্রম বিক্রি করলেও সুবিধা হয়েছে কৃষকদের। তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, ‘ভরা মৌসুমে বোরো লাগাতে ৩৫০-৪৫০ টাকা করে মজুরি দিতে হয়। এখন আদিবাসী শ্রমিকেরা ১৫০-৩০০ টাকা হিসেবে আগাম শ্রম বিক্রির টাকা নিয়ে যাচ্ছেন। এতে আমাদের অনেক সাশ্রয় হচ্ছে।’ একই কথা জানান গুরুদাসপুরের চাপিলা গ্রামের কৃষক আলিম উদ্দিন।
যোগাযোগ করা হলে নাটোর জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রমানাথ মাহাতো বলেন, গুরুদাসপুর ও সিংড়ার আদিবাসীদের ঘরে ঘরে এখন অভাব চলছে। নিরুপায় হয়ে অনেকে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থেকে মাদক তৈরি ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছেন। সহজ-সরল আদিবাসীদের জন্য ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতাসহ সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন।
আদিবাসী ফাউন্ডেশনের (তাড়াশ) সভাপতি খগেন্দ্রনাথ মাহাতো বলেন, তাড়াশে একটি বেসরকারি সংস্থা আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে হাঁস-মুরগি, ছাগল, গাভি পালন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ পরিবারের আয়মূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ধরনের অনুদান ও ঋণ দিত। কিন্তু তিন বছর ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হওয়ায় আদিবাসী নর-নারীর আগাম শ্রম বিক্রির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কষ্টে কাটছে তাদের দিন।