ভালো নেই চালকলের নারী শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিয়ার পাঁচ বছরের মাথায় স্বামী তালাক দিছিল। তহন ঘরে দুইডা পোলাপান হইছে। অগরে খাওন-পরন দেওনের মতন কেউ আছিল না। তাই বাধ্য অইয়া এডা (একটা) আইছ (রাইস) মিলে শ্রমিকের কাম নেই। হেই থাইক্যা ২৫ বছর ধইরা মিলে কাম করতাছি। বেতন যা পাই, তা দিয়া দিনই চলে না। সারাডা জীবন খালি কষ্টই করলাম।’ কথাগুলো বলেন শেরপুর পৌর শহরের কান্দাপাড়া এলাকায় ইউনাইটেড রাইস মিলের শ্রমিক শ্যামলা (৫০)। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুরুষের সমান কাজ করেও নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকের চেয়ে মজুরি অনেক কম পান। এ মজুরি দিয়ে এই দুর্মূল্যের বাজারে জীবিকা নির্বাহ করতে তাঁরা হিমশিম খাচ্ছেন। জেলার সাত শতাধিক চালকলের ১০ হাজার নারী শ্রমিকের প্রায় সবার এই অবস্থা। এরই মধ্যে আজ ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। শেরপুর সদরের কান্দাপাড়া, শীতলপুর, ঢাকলহাটি, দীঘারপাড় ও নওহাটা এলাকার কয়েকটি চালকলের নারী শ্রমিকেরা জানান, ধানের খলায় খাটুনি বেশি অথচ বেতন কম। শেরপুর জেলা চালকল মালিক সমিতি ও চালকল শ্রমিক সমিতি সূত্রে জানা গেছে, জেলায় সাত শতাধিক চালকলে প্রায় ২০ হাজার শ্রমিক বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন। এঁদের মধ্যে নারী শ্রমিক প্রায় ১০ হাজার। এঁদের অধিকাংশই নিরক্ষর, স্বামী পরিত্যক্ত, বিধবা বা তালাকপ্রাপ্ত। এসব নারী শ্রমিক ধান সেদ্ধ করার কাজ থেকে শুরু করে ধান শুকানো ও ভাঙার কাজ পর্যন্ত করে থাকেন। দিন শেষে নারী শ্রমিকেরা মজুরি হিসেবে পান মাত্র ১২০ টাকা। অথচ সমপরিমাণ শ্রম দিয়ে একজন পুরুষ শ্রমিক পান ১৫০ থেকে ১৬০ টাকা। অনেক সময় রাতেও নারীরা চালকলে কাজ করেন।অভিযোগ রয়েছে, কোনো নারী শ্রমিক শারীরিক অসুস্থতার কারণে চালকলে বিশ্রাম নিলে অথবা আধাবেলা কাজ করে বাড়ি চলে গেলে তাঁকে সেদিনের মজুরি দেওয়া হয় না। অসুস্থ হয়ে কোনো শ্রমিক দীর্ঘদিন বাড়িতে থাকলে তাঁকে চরম আর্থিক সংকটে দিনাতিপাত করতে হয়। অধিকন্তু গর্ভকালীন নারী শ্রমিকের জন্য কোনো ভাতার ব্যবস্থা নেই। ৩ মার্চ শেরপুর শহরের ঢাকলহাটি এলাকার সখিনা রাইস মিলের শ্রমিক নূরজাহান বেগম (৩৫) বলেন, সারা দিন শ্রম দিয়ে মাত্র ১২০ টাকা মজুরি পান। বর্তমান বাজারে চাল কিনতেই এ টাকা প্রায় শেষ হয়ে যায়। ইচ্ছা থাকলেও ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারেন না। এই মিলের শ্রমিক সর্দার মজিবর রহমান (৫০) বলেন, চালকলে শ্রম দেওয়া স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ। চালকলের অধিকাংশ শ্রমিকই বিশেষ করে নারী শ্রমিকেরা শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন অসুখে ভোগেন। কিন্তু তাঁদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। জেলা চালকল শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আবদুল হামিদ বলেন, বর্তমান দুর্মূল্যের বাজারে চালকল শ্রমিকেরা বিশেষ করে নারী শ্রমিকেরা যে মজুরি পান তা দিয়ে দিন চলে না।চালকলের নারী শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে কোনো প্রকল্প নেওয়া হবে কি না—জানতে চাইলে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মহিরুননেছা বেগম প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে এ ধরনের কোনো উদ্যোগ নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।