ভালো নেই ছোট্ট আরাফাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় শুয়ে আছে ছোট্ট আরাফাত। ছবি: জাহিদুল করিম
হাসপাতালের বিছানায় শুয়ে আছে ছোট্ট আরাফাত। ছবি: জাহিদুল করিম

চার বছর বয়সী আরাফাত আবার এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আগামী মঙ্গলবার ওর হাতে অস্ত্রোপচার হওয়ার কথা। শরীর সবদিক দিয়ে ভালো থাকলেই সেটি সম্ভব। না হলে আরাফাতের মা-বাবাকে আবার অপেক্ষায় থাকতে হবে।

নোয়াখালী থেকে রাজধানীর বার্ন ইউনিটে এসে ভর্তি হওয়া এখন ছোট্ট আরাফাতের রুটিন কাজ। জন্মের পর মাত্র তিন দিন বয়সে আরাফাত আগুনে পুড়ে যায়। সেই যন্ত্রণায় ভুগছে এখনো। কবে ভোগান্তির শেষ হবে তা কেউ জানে না।

সন্তানের জন্য ব্যাকুল ছিলেন মো. সোহেল ও জান্নাতুল ফেরদৌস দম্পতি। টানা নয় বছরের অধীর অপেক্ষার পর এল আরাফাত হোসেন। এ যেন আকাশের চাঁদ। ছেলেকে বুকে আগলে রাখতে শুরু করেন দুজন। কারও অশুভ নজর বা অপয়া বাতাস যাতে না লাগে, এ জন্য ছেলের সঙ্গে সব সময় বড় পাতিলে ছাইচাপা আগুন রাখতেন জান্নাতুল। বিশ্বাস ছিল ওই আগুন অশুভ প্রভাব দূর করবে।

আরাফাতের বয়স তখন তিন দিন। বাড়ির উঠানে ছেলেকে কম্বলে জড়িয়ে দাঁড়িয়ে ছিলেন জান্নাতুল। একপর্যায়ে শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে যান তিনি। পড়েই জ্ঞান হারান। মায়ের কোল থেকে কম্বলসহ আরাফাত গিয়ে পড়ে পাশে রাখা পাতিলের ছাইচাপা আগুনে। জ্ঞান ফেরার পর জান্নাতুল দেখেন, ছেলের হাত, পা, বুক, মুখ সব পুড়ে গেছে।

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর গ্রামে এই দম্পতি থাকেন। সেখান থেকে দফায় দফায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আসতে হচ্ছে। এ পর্যন্ত আরাফাতের শরীরে ছয়টি অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার করলে হবে সাতটি। আরও অস্ত্রোপচার লাগবে।

ছোট্ট আরাফাত এখন বার্ন ইউনিটের পাঁচতলায় দুই নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি। তার দুই হাত বাঁকা হয়ে উল্টে গেছে। ডান হাতে চারটি আঙুল, বাঁ হাতে দুই আঙুল জোড়া লেগে একাকার। নাক–মুখের ভেতরের দিকে দেবে গেছে। মুখ একদিকে বেঁকে গেছে। তবে ও কথা বলতে পারে।

মা-বাবার সঙ্গে আরাফাত। ছবি: জাহিদুল করিম
মা-বাবার সঙ্গে আরাফাত। ছবি: জাহিদুল করিম

চিকিৎসকেরা একটু একটু করে আরাফাতের শরীরের বিভিন্ন অংশ স্বাভাবিক করার চেষ্টা করছেন। দিন যত যাচ্ছে, আরাফাতের একটি পা ততই ছোট হয়ে যাচ্ছে।

বাসের সহকারীর কাজ করেন আরাফাতের বাবা সোহেল। তিনি প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা বাইরে থেকে এমআরআই করিয়ে আনতে বলেছেন। শুধু এই পরীক্ষা করতেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সাত থেকে আট হাজার টাকা চাইছে। অন্যান্য খরচ তো আছেই। তাই চিকিৎসকেরা আশা দেখলেও বাবা সোহেল ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে ভয় পাচ্ছেন। একেকটি অস্ত্রোপচারে কম করে হলেও ১৫ হাজার টাকা লাগে। অন্যান্য খরচ তো আছেই।

সোহেল জানান, ছেলেকে নিয়ে তাদের কষ্ট দেখে গ্রামের মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছেন। নবজাতক এলে অনেকেই আর আগুন রাখেন না।

সোহেল তাঁর পরিবারের বড় ছেলে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ। এ পর্যন্ত আরাফাতের চিকিৎসায় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সহায়তার হাত বাড়িয়েছেন। তাঁদের ক্ষমতা সীমিত। তাই ছেলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কেউ ছোট্ট আরাফাতের দিকে সহায়তার হাত বাড়াতে চাইলে আরাফাতের বাবা মো. সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাঁর মুঠোফোন নম্বর-০১৮১২৮২৪৮২৯।