ভালো নেই দুবলার চরের জেলেরা
বঙ্গোপসাগরের পারে দুবলার চরে চলছে শুঁটকি মৌসুম। এই মৌসুমে (অক্টোবর-মার্চ) সাগর থেকে মাছ আহরণ ও শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় কাটান হাজার হাজার জেলে-মহাজন। এ বছর বেশি মাছ ধরা পড়ায় জেলেরা খুশি। কিন্তু তাঁদের রয়েছে নানা সমস্যা। এ খাত থেকে সরকারের অনেক রাজস্ব আয় হলেও জেলেদের নানা সমস্যা নিরসনের তেমন কোনো উদ্যোগ নেই।সরেজমিনে গিয়ে জানা যায়, শুঁটকি মৌসুমকে ঘিরে দুবলার চরের আটটি জেলেপল্লিতে প্রায় ৫০ হাজার জেলে অস্থায়ী বসতি গড়ে তোলে। নৌকা ও ট্রলারপ্রতি নির্ধারিত রাজস্ব জমা দেওয়ার পরও বন কর্মকর্তাদের অতিরিক্ত টাকা দিতে হয়। আলোরকোলের জেলে আনোয়ার বলেন, বড় স্যারদের দিতে হবে এমন কথা বলে বন কর্মকর্তারা জেলেদের কাছ থেকে জালপ্রতি চার কেজি শুঁটকি জোর করে আদায় করেন। টাকা না দিলে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তবে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, কারও বিরুদ্ধে সুস্পষ্ট এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।বন বিভাগ প্রতি শুঁটকি মৌসুমে জেলেদের কাছ থেকে কোটি টাকার রাজস্ব আদায় করলেও জেলেদের জন্য চরগুলোতে নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও চিকিত্সার ব্যবস্থা। রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান ও সুন্দরবন বাঁচাও কর্মসূচির আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদ বলেন, পুরো চরে রয়েছে মাত্র পাঁচটি আশ্রয়কেন্দ্র, যাতে আশ্রয় নিতে পারে সর্বোচ্চ ১৫ হাজার মানুষ। বাকি ৩০-৩৫ হাজার মানুষকে আশ্রয় নিতে হয় বনের ভেতরের বিভিন্ন ছোট ছোট খাল ও বড় গাছে। ডিএফও মিহির কুমার দো বলেন, সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় শিগগিরই কয়েকটি ভাসমান হাসপাতাল নির্মাণ করা হবে।সাগর আর বনের অন্তত ১০টি দস্যুদলের দুই শতাধিক সদস্য নিয়মিত চাঁদার দাবিতে তাড়া করে ফিরছে জেলে ও বনজীবীদের। এসব বনদস্যু জেলে ও বাওয়ালিদের অপহরণ করে মুক্তিপণ এবং নৌকা ও ট্রলারপ্রতি চাঁদা আদায় করে। চাঁদা দিতে না পারলে জেলেদের নৌকা ও জাল লুট করে, ক্ষেত্রবিশেষে জেলেদের মেরেও ফেলে। ছোট-বড় ১০টি বাহিনীর মধ্যে জুলফু ও রাজু বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে গোটা সাগর ও সুন্দরবন। সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জুলফু বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়। এখন পুরো এলাকা দাবড়ে বেড়াচ্ছে রাজু বাহিনী। সারা মৌসুমে জেলেরা যা আয় করেন, তার দুই-তৃতীয়াংশ লুটে নেয় দস্যুরা। দস্যু দমনে সাগর-বনে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের অভিযান অব্যাহত থাকে মৌসুমজুড়ে। একের পর এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে। উদ্ধার হচ্ছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। তার পরও থেমে নেই দস্যুদের তাণ্ডব। তবে সম্প্রতি ‘অপারেশন সন্ধান’ নামক বিশেষ অভিযান পরিচালনার কারণে দস্যুদের তত্পরতা অনেক কমেছে বলে দাবি করেছেন কোস্টগার্ডের কর্মকর্তা ও অপারেশন সন্ধানের অধিনায়ক লে. মো. ওয়াসিউর রহমান।