ভালো নেই নড়াইলের অ্যাসিডদগ্ধ আদুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো নেই নড়াইলের অ্যাসিডদগ্ধ কলেজছাত্রী আদুরি খানম। অর্থাভাবে নিয়মিত ওষুধ সেবন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতস্থানে চুলকানিসহ নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় অস্থির হয়ে উঠেছেন তিনি।
গ্রাম্য দলাদলির কারণে এলাকার কয়েকজন সন্ত্রাসী ২০০১ সালের ১৯ মে রাতে আদুরির শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাঁর গলার নিচ থেকে শরীরের নিম্নাংশ পর্যন্ত অ্যাসিডে ঝলসে যায়।
আদুরি খানমের বাড়ি নড়াইল সদর উপজেলার সীমাখালি গ্রামে। সংসারে তাঁর বাবা নেই। তিন ভাই ও তিন বোনের মধ্যে আদুরি সবার ছোট। এলাকাবাসীর অনেকে জানান, আদুরির ভাই মোহিত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। নড়াইল সীমাখালি ফেরিঘাটের কর্তৃত্ব নিয়ে মোহিতের সঙ্গে একটি পক্ষের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মোহিতকে বাড়িতে না পেয়ে তাঁর বোন আদুরির ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় আদুরি বাড়ির অন্য সদস্যদের সঙ্গে উঠানে বসে গল্প করছিলেন। তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
আদুরি বলেন, ‘নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালে আমার এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ কয়েক বছর লেখাপড়া থেকে দূরে ছিলাম। এখন সিটি কলেজে ডিগ্রিতে ভর্তি হয়েছি। টাকার অভাবে লেখাপড়াও ঠিকমতো করতে পারছি না। মাঝে মাঝে জ্বর হয়, সমস্ত শরীর ব্যথা করে এবং রক্তে সমস্যা দেখা দেয়। তিন মাস পর পর ঢাকায় যেতে হয়। টাকার জোগাড় হলে ঢাকায় যাওয়া সম্ভব হয়। প্রতি মাসে তিন হাজার টাকার ওষুধ লাগে। ঠিকমতো ওষুধও খাওয়া হয় না। কিন্তু চিকিৎসক বলেছেন যত দিন বেঁচে থাকব তত দিন নিয়মিত ওষুধ খেতে হবে।’
আদুরির একটাই দাবি, আর যেন কোনো মেয়ে অ্যাসিড-সন্ত্রাসের শিকার না হয়।