ভালো নেই ভোলার হরিণগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা উপকূলীয় ম্যানগ্রোভ (শ্বাসমূলীয় উদ্ভিদ) বনাঞ্চলের প্রায় ১১ হাজার বন্য প্রাণী ভালো নেই। শুকনো মৌসুমে বনে দেখা দেয় মিঠাপানি ও খাদ্যের সংকট। আর বর্ষায় ঝড়-জলোচ্ছ্বাস ও অস্বাভাবিক জোয়ারে বনে টেকা দায় হয়ে পড়ে। খাবারের সন্ধানে ও বৈরী আবহাওয়ার কারণে বন্য প্রাণী নদী সাঁতরে লোকালয়ে চলে আসছে; পড়ছে শিকারিদের খপ্পরে।আবার উল্টো চিত্রও আছে। লোকালয়ে আসা হরিণ স্থানীয় লোকজন ধরে বনে ছেড়ে দেয়। গত ১৮ থেকে ৩০ মার্চ লোকালয়ে আসা ১৮টি হরিণ বনে ছেড়ে দেওয়া হয়েছে। আর একটি হরিণ নদী সাঁতরে আসতে গিয়ে মারা পড়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বন্য প্রাণীর জন্য ভোলার বনে নেই কোনো মিঠাপানির ব্যবস্থা। অস্বাভাবিক জোয়ারে বাঁচার জন্য নেই উঁচু কিল্লা। বন ও বন্য প্রাণী রক্ষায় বনপ্রহরী আছে হাতেগোনা কয়েকজন। ফলে ভোলার বন্য প্রাণী একরকম অরক্ষিত পড়ে আছে।বন বিভাগের দেওয়া তথ্যমতে, জেলার মনপুরা উপজেলার ঢালচর, হাজিরহাট পঁচা কোরালিয়া, মনপুরা, কলাতলীর চর, কালকীনি বন, তজুমদ্দিন উপজেলার চর পিয়াল, চর জহিরুদ্দিন, চর মামুন, চর মোজাম্মেল, ও চর ফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ও ঢালচর এলাকায় প্রায় এক লাখ ৩৬ হাজার একর বনাঞ্চল আছে। আর এখানে প্রায় ১১ হাজার বন্য প্রাণী বাস করে। ম্যানগ্রোভ এই বনে হরিণ, বানর, বন্য মহিষ, গরু, উদ-বিড়াল, বন-বিড়াল, বন-মোরগ, সাপ, শিয়াল বসবাস করে। তবে ১১ হাজার প্রাণীর মধ্যে প্রায় ১০ হাজারই হরিণ।সম্প্রতি সরেজমিন দেখা যায়, প্রতিটি বনের আশপাশে কয়েক হাজার পরিবার বাস করছে। কিন্তু বন ও বন্য প্রাণী পাহারা দেওয়ার মতো প্রহরী অপ্রতুল। বনের চারপাশে নদী ও সাগর। শিকারিরা অনায়াসে এসব বন্য প্রাণী শিকার করে নিয়ে যায়।গত ১৮ মার্চ দুপুরে মনপুরার বিচ্ছিন্ন দ্বীপ কলাতলীর চরে বিচরণকালে দুটি হরিণ শাবককে শিকারিরা ধরে পাচারের চেষ্টাকালে বন বিভাগের লোকজন ধরে ফেলেন। পরে হরিণ শাবক দুটি ছেড়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময় মিঠাপানির টানে মনপুরা সাকুচিয়া উরির চর বন থেকে নদী সাঁতরে আরও কয়েকটি হরিণ লোকালয়ে চলে আসে। ২৩ মার্চ মনপুরার হাজিরহাট বন থেকে একটি হরিণ মেঘনা সাঁতরে লোকালয়ে আসতে গিয়ে মারা যায়।বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, বনের চারপাশে কোনো বাঁধ না থাকায় জোয়ারে বন প্লাবিত হয়। কিন্তু বর্ষা মৌসুমে জোয়ারের পানি সাত থেকে আট ফুট উঁচু হয়ে বিপৎসীমা অতিক্রম করে। অমবস্যা-পূর্ণিমায় পানির উচ্চতা আরও বেড়ে যায়। এ সময় বন্য প্রাণী লোকালয়ে চলে আসে নিরাপদ আশ্রয়ের খোঁজে। না হলে জোয়ারে ভেসে যায়।বনের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হরিণ শিকারের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তবে এ কাজে জেলেদের ব্যবহার করা হয়। জেলেরা হরিণ ধরে ট্রলারের মধ্যে জবাই করে প্রভাবশালীদের কাছে পৌঁছে দেন।বন বিভাগ সূত্র জানায়, ভোলায় বন বিভাগের ৩৭টি ইউনিট রয়েছে। সেখানে দুই শতাধিক বনপ্রহরী দরকার হলেও আছে মাত্র ৩৩ জন। তাঁদের অনেকে বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। অনেক বনে কোনো ক্যাম্পই নেই। ফলে বন পাহারা দেওয়ার কেউ থাকে না।ভোলার বন্য প্রাণী অনিরাপদ স্বীকার করে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘ভোলার বেশির ভাগ মানুষই লোকালয়ে হরিণ ধরে আবার বনে ছেড়ে দেয়। তবে কিছু প্রভাবশালী আছে, যারা বন্য প্রাণী শিকার ও বন দখল করছে। দুর্গম বন থেকে হরিণ লুট হলে আমাদের কিছু করার থাকে না। কারণ, বন্য প্রাণী ও বন রক্ষার জন্য যথেষ্ট বনপ্রহরী ও অস্ত্র দরকার। কিন্তু সরকার বনপ্রহরী নিয়োগ দিচ্ছে না।’