ভালো নেই মুক্তামণি

হাতে অস্ত্রোপচারের পর প্রজাপতির পাখনা মেলে ঘুরে বেড়াতে চেয়েছিল মুক্তামণি। অস্ত্রোপচার হয়েছে, কিন্তু তাঁর ঘুরে বেড়ানো হয়নি। ভারী হাত এখনো তাঁকে বহন করতে হচ্ছে। শরীরটা তাঁর এখনো বিছানাবন্দী। হাতে ব্যান্ডেজ না করলে তা আরও বেশি ফুলে যায়। রক্ত জমতে থাকে ফোলা জায়গায়। আর ড্রেসিং করতে কয়েক দিন দেরি হলেই হাত থেকে দুর্গন্ধ বের হয়। আগের মতো হাতটিতে পোকাও দেখা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তামণিকে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচারের আগে ও পরে বার্ন ইউনিটের কেবিনে ছিল ছয় মাস। তারপর মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে সে। তবে মুক্তামণির কণ্ঠে হতাশা। টেলিফোনে সে বলল, ‘আমি তো সে রকমই আছি। ডাক্তারেরা তো অনেক চেষ্টা করল। কিন্তু আমার খালি কষ্ট হয়। বাড়িতে শুয়ে থাকি। মোবাইলে খেলি, টিভি দেখি। কেউ কাছে আসলে গল্প করি। এর বাইরে তো আর কিছু করতে পারি না। হাত খোলা রাখলে বিশাল ফুলে যায়।’
চিকিৎসকেরা ধারণা করেছিলেন, অস্ত্রোপচারের পর মুক্তামণির হাত অনেকটাই স্বাভাবিক আকার ধারণ করবে, কিন্তু তা হয়নি। রক্তনালির টিউমার কোনো বিরল রোগ নয়। কিন্তু মুক্তামণি যে অবস্থা নিয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়, তখন তাঁকে বিরল না বলে উপায় ছিল না বলে চিকিৎসকেরা উল্লেখ করেছিলেন। তাঁর হাত ছাড়াও শরীরে টিউমার ছড়িয়েছে অনেক দূর। তাঁর লিভার বড়। একটা ফুসফুস কাজ করে না।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত বছরের ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তামণির হাতের বেশির ভাগ ফোলা অংশ অস্ত্রোপচার করে ফেলে দেন চিকিৎসকেরা। পরে দুই পায়ের চামড়া নিয়ে দুই দফায় তাঁর হাতে লাগানো হয়। তবে সাময়িকভাবে হাতের ফোলা কমলেও তা বর্তমানে আবার আগের চেয়েও বেশি ফুলে গেছে। মুক্তামণির বয়স বর্তমানে ১১ বছর। গত বছরের ২২ ডিসেম্বর এক মাসের ছুটিতে বার্ন ইউনিট থেকে মুক্তামণি বাড়ি ফিরে। তবে ওর আর ঢাকায় ফেরা হয়নি। মুক্তামণির যমজ বোন হীরামণি। মুক্তামণির চোখের সামনেই হীরামণি দুই বিনুনি দুলিয়ে স্কুলে যায়। অন্যদিকে মুক্তামণিকে কেউ না ধরলে শোয়া থেকে বসতেও পারে না।
মুক্তামণির অস্ত্রোপচারের জন্য প্রথমে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়ার কথা হয়েছিল। তবে সেখানকার চিকিৎসকেরা ভিডিও কনফারেন্স করে ও বিভিন্ন রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছিলেন, তাঁরা মুক্তামণির অস্ত্রোপচার করতে পারবেন না। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ করে বার্ন ইউনিটের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালামসহ অন্যরা হাল ছাড়েননি। অস্ত্রোপচারের ঝুঁকি ছিল। জীবন বাঁচানোর জন্য ওর হাত কেটে ফেলতেও প্রস্তুত ছিল মুক্তামণির পরিবার ও চিকিৎসকেরা। অস্ত্রোপচার করা হলেও মুক্তামণির হাতটি তখন কাটতে হয়নি।
তবে বার্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘মুক্তামণি যদি গণমাধ্যম বা প্রধানমন্ত্রীর নজরে না থাকত, তাহলে অস্ত্রোপচার করে আগে তাঁর হাত কেটে ফেলা হতো। কিন্তু মুক্তামণির সঙ্গে আবেগ জড়িয়ে যাওয়ায় পরে আর হাতটি কাটা হয়নি। কিন্তু এতে মুক্তামণির কোনো লাভই হলো না।’
হাত কেটে ফেলা বা না ফেলা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘রোগীর হাত চিকিৎসকেরা হুট করে কেটে ফেলতে পারেন না। আর তখন মুক্তামণির হাত কাটার মতো পরিস্থিতি হয়নি। মুক্তামণির বাবাকে ফোন করব, আবার মুক্তামণিকে বার্ন ইউনিটে নিয়ে আসব। আসার পরে সবকিছু দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়ের হাত আগের চেয়েও বেশি ফুলেছে, পোকাও ধরে। ডাক্তারেরা যা ভালো মনে করেছেন, তাই করেছেন। এখন আবার যা বলবেন, তাই করব।’