ভালো ফল, তবু শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে মনোয়ার ভাবছে, যে করেই হোক, চিকিৎসক তাকে হতেই হবে। প্রতিবেশীদের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ উদাস হয়ে যায় শিল্পী। চোখের সামনে ভাসে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হয়েছে সে। এমনই সব স্বপ্ন বুকে নিয়ে মনোয়ার, শিল্পীরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পেয়েছে জিপিএ-৫। কিন্তু ভবিষ্যৎ ভাবনায় ম্লান হয়ে যেতে চায় তাদের সেই সাফল্য। তাদের সবার ভাবনা একটাই, পাহাড়প্রমাণ দারিদ্র্য ঠেলে ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে পারবে তো! খেটে খেয়েও সফল মনোয়ার: বছর সাতেক আগে বাবা মারা যাওয়ার পর থেকে কখনো দিনমজুর, কখনো রিকশা বা ভ্যান চালিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে সে। কত দিন এক বেলা খেয়ে, আরেক বেলা না খেয়ে কাটিয়েছে। কিন্তু পড়াশোনা বাদ দেয়নি সে। সেই মনোয়ারুল ইসলাম এবার বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। এখন কলেজে পড়া নিয়ে চিন্তিত সে।সারিয়াকান্দি উপজেলা সদরের বাগবেড় গ্রামের মৃত ভাদু ব্যাপারীর ছেলে মনোয়ার। দুই ভাই, এক বোন মনোয়ারের। বড় ভাই মানসিক রোগী, আর বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। সংসারে মা তাদের ভরসা। অন্যের বাড়িতে কাজ করেন মা। সহায়-সম্বল বলতে তাদের কিছু নেই। যমুনা নদীর তীরে বাঁধের ধারে একখণ্ড জমিতে একটি ঘরে বাস করে তারা।মনোয়ার জানায়, তার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। চিকিৎসক হয়ে সে দরিদ্রদের সেবা দেবে।‘গৃহপরিচারিকা’ শিল্পীর স্বপ্ন সিএ পড়ার: ফলাফল প্রকাশের দিন শিল্পী স্কুলে যায়নি। সুখবরটা দেওয়ার জন্য পরের দিন সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সেলিম বেপারি শিল্পীদের বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, সে প্রতিবেশীর বাড়িতে কাজ করতে গেছে। ওই বাড়িতে গিয়ে শিল্পীকে ডেকে তার জিপিএ-৫ (ব্যবসায় শিক্ষা) পাওয়ার খবর দিলেন শিক্ষক। শুনে কেঁদে ফেলে শিল্পী।গৃহপরিচারিকার কাজ করে কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করত গৌরনদীর গোরক্ষডোবা গ্রামের ভূমিহীন গুরুদাস সমাদ্দারের মেয়ে শিল্পী সমাদ্দার। দিনের কাজ শেষে রাত জেগে পড়াশোনা করত সে।শিল্পী জানায়, ভালো ফলের পরও টাকার অভাবে উচ্চশিক্ষা তার জন্য আকাশকুসুম কল্পনা। তবু মনে মনে চার্টার্ড অ্যাকাউন্ট্যাটে (সিএ) পড়ার স্বপ্ন লালন করে সে। বাবা রোগশোকে কাহিল হয়ে পড়ায় কাজ করতে পারেন না। মা মিনু সমাদ্দার পানের বরজে কাজ করে কোনোমতে পাঁচ সদস্যের সংসার চালান।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বি এম ইদ্রিস আহম্মেদ বলেন, অত কষ্টের মাঝে এ ধরনের ফল বেশ কষ্টসাধ্য।হাটে কাজ করে পড়ার খরচ চালাত রুবেল: হাটের দিন ব্যবসায়ীদের টুকটাক সাহায্য করে ২০ থেকে ৩০ টাকা পেত রুবেল ইসলাম। এতে নিজের খাতা-কলম কেনার টাকা হয়ে যেত। স্কুলে টিফিনের সময় সহপাঠীরা যখন খেলাধুলা ও খাওয়ায় ব্যস্ত, রুবেল তখন একমনে পড়ত। এই করে সে এবার নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। খাটুরিয়া গ্রামের ভূমিহীন দিনমজুর আমির হোসেনের ছেলে রুবেল। ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রামের দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে চায় সে। বাবা আমির হোসেন জানান, নিজের কোনো জমিজমা নেই। তাঁর তিন ছেলেমেয়ে স্কুলে পড়ছে। মেয়ে রুবা আক্তার সপ্তম শ্রেণীর ছাত্রী, আর ছোট ছেলে সাকিব দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তিনি বলেন, ‘ওর মায়ের নামে একটি ভিজিডি কার্ড আছে। ওই কার্ডের কিছু আটা পাই। আর কিছু বিক্রি করে ছেলেমেয়েদের লেখাপড়া চালাই।’ ডিম বেচে জুনায়েদের সাফল্য: রেস্তোরাঁয় ডিম বেচে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মো. জুনায়েদ চকদার।উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে সে। চার ভাইবোনের মধ্যে জুনায়েদ সবার ছোট। ২০০৭ সাল থেকে সে ডিম বেচার কাজে নামে। বিভিন্ন হাটবাজার থেকে ডিম সংগ্রহ করে রেস্তোরাঁয় সরবরাহ করে। এতে দিনে ৬০ থেকে ১০০ টাকা মেলে। এই টাকা দিয়ে নিজের পড়ার খরচ চালিয়ে নিত জুনায়েদ।জুনায়েদ বলে, ‘লেখাপড়া শেষে চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চাই। কিন্তু লেখাপড়ার জন্য এত টাকা জোগাড় করব কী করে বুঝে উঠতে পারছি না।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেক ছাত্রছাত্রীরই জুনায়েদকে অনুসরণ করা দরকার।’চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে স্বপ্না: একটা ঘড়িও ছিল না স্বপ্নাদের ঘরে। সূর্যের আলোয় ঘরের ছায়া দেখে বুঝত স্কুলে যাওয়ার সময় হয়েছে। টিফিনের ফাঁকে সহপাঠীদের বই নিয়ে পড়ত সে। এভাবে পড়াশোনা করেও পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল সে। এবার সেই স্বপ্না রানী হালদার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। স্বপ্নাদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়ার হালদারপাড়ায়। জিপিএ-৫ সম্পর্কে ধারণা না থাকলেও মেয়ে যে ভালো ফল করেছে, তা বুঝতে বাকি নেই বাবা কালিপদ হালদার ও মা ফুলকুমারীর। ভূমিহীন কালিপদ বিলে মাছ ধরেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটান। প্রতিবেশীরা জানায়, বছরজুড়েই স্বপ্নাদের সংসারে অভাব লেগে থাকে। টাকার অভাবে মেয়েটা কখনোই প্রাইভেট পড়ার সুযোগ পায়নি। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে স্বপ্না। ১৫ কিলোমিটার হেঁটে ক্লাস করেছে বেলাল: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে রিকশা চালান বেলালের বাবা আবদুর রশিদ। মা সালেহা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। বাবার সামান্য আয়ে সংসার চলে না। বাড়তি আয়ের জন্য বড় ভাই রফিকুল ইসলাম টমটম চালান। এমন পরিবারের সন্তান মো. বেলাল হোসাইন এবার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। বেলালদের বাড়ি কলাপাড়া থেকে ১৫ কিলোমিটার দূরে, পাশের আমতলী উপজেলার কড়ইবুনিয়া গ্রামে। সপ্তম শ্রেণী পর্যন্ত সে বাড়ি থেকে প্রতিদিন ১৫ কিলোমিটার হেঁটে গিয়ে ক্লাস করত। কিন্তু এভাবে পেরে উঠছিল না বেলাল। একসময় চলে আসে কলাপাড়া শহরে। একটি কোচিং সেন্টারে তার থাকার জায়গা হয়। খেত একজনের বাসায়। বেলাল পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে ও অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পায়। কথা প্রসঙ্গে সে বলে, ‘আগের চেয়ে আমার ভয় এখন আরও বেশি। সামনে ভালো কলেজে ভর্তি, তারপর পড়াশোনার খরচ। কোথায় পাব এ খরচ?’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান, বগুড়া; জহুরুল ইসলাম, গৌরনদী (বরিশাল); মীর মাহমুদুল হাসান, নীলফামারী; জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ); শাহ আলম, চুয়াডাঙ্গা ও নেছারউদ্দিন আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী)]