ভালো ফল করিয়েও পেটে ভাত নেই শিক্ষকদের
পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি কলেজে ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) শাখা খোলা হয় ২০০৪ সালে। ওই বছরেই শাখাটি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন পায়। এ শাখার শিক্ষার্থীদের গত কয়েক বছরের ফল বেশ ভালো।
শাখাটির এমপিওভুক্তির সব শর্তও পূরণ হয়েছে অনেক আগে। তারপরও এ শাখার শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হতে পারছেন না। এ কারণে দীর্ঘ ১১ বছর ধরে বিনা বেতনে কাজ করে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
কলেজ সূত্রে জানা যায়, ২০০৪ সালে বিএম শাখা খোলার পর সেখানে প্রভাষক পদে চারজন এবং প্রদর্শক ও অফিস সহকারী পদে একজন করে নিয়োগ পান। সব শর্ত পূরণ হওয়ায় জনবল-কাঠামো অনুযায়ী তাঁদের প্রত্যেকেরই এমপিওভুক্ত হওয়ার কথা। শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আশা নিয়ে ১১ বছর ধরে বিনা বেতনে কাজ করে আসছেন সেখানে।
শিক্ষকেরা জানান, কয়েক বছর ধরে এই শাখার শিক্ষার্থীরা ভালো ফলও করছেন। চলতি বছর কলেজের বিএম শাখা থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিলে ৪৯ জন কৃতকার্য হন। তাঁদের মধ্যে একজন জিপিএ-৫ ও বাকিরা এ গ্রেড পান। ২০১৪ সালে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন কৃতকার্য হন। তাঁদের মধ্যে ৪৫ জন এ গ্রেড পান। ২০১৩ সালে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন কৃতকার্য হন। তাঁদের মধ্যে দুজন জিপিএ-৫ ও ৪৪ জন এ গ্রেড পান। ২০১২ সালে ৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করলে ৫০ জন কৃতকার্য হন। এঁদের মধ্যে একজন জিপিএ-৫ ও ৪৬ জন এ গ্রেড পান।
কলেজটির প্রায় ২০ কিলোমিটারের মধ্যে আর কোনো কারিগরি কলেজ নেই।
দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করায় চরম অর্থকষ্টে দিন কাটছে শিক্ষক-কর্মচারীদের। এমপিওভুক্ত না হওয়ায় তাঁদের অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কলেজের বিএম শাখার ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক সাইদুল ইসলাম বলেন, ‘বেতন না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। কিন্তু তারপরও কলেজে গিয়ে শতভাগ দায়দায়িত্ব আমরা পালন করছি।’
বাংলার প্রভাষক আলাউল হোসেন বলেন, ‘আমাদের বেশ পরে প্রতিষ্ঠিত হয়েছে, এমন অনেক কলেজের বিএম শাখা এমপিওভুক্ত হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ভালো ফল করিয়েও আমাদের বেতন নেই। এমপিওভুক্তির আশা পেয়ে ১১ বছর ধরে এই কলেজে পড়ে আছি, আর কোথাও কোনো চাকরি খুঁজিনি।’
কলেজের অধ্যক্ষ আবদুল গণি বলেন, ‘সরকার কারিগরি ও জীবনমুখী শিক্ষার প্রতি জোর দিয়েছে। কর্মমুখী শিক্ষা বিস্তারের লক্ষ্যেই আমাদের কলেজে যথাযথ অনুমোদন নিয়ে ১১ বছর ধরে বিএম শাখার শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু এত দিনেও এমপিও না হওয়ায় এ শাখার শিক্ষক-কর্মচারীরা সীমাহীন কষ্টে রয়েছেন। এমপিওভুক্তির জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়েও কোনো লাভ হচ্ছে না।’