অভাবের কারণে এসএসসি পরীক্ষার আগেই মোক্তারা ও রুমানাকে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। কিন্তু তারা দুজন চেয়েছিল পড়ালেখা করতে। সব প্রতিকূলতা ডিঙিয়ে তারা জিপিএ-৫ পেয়েছে। দারিদ্র্যের কারণে শাহিন ও মামুনের পড়ালেখাও বন্ধ হয়ে যাচ্ছিল। কঠোর পরিশ্রম করে তারা দুজনও ভালো ফল করেছে। কিন্তু সামনে কীভাবে পড়ালেখার খরচ জুটবে, তা নিয়ে চার শিক্ষার্থী ও তাদের পরিবার দুশ্চিন্তায় আছে।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছিল মোক্তারা
বাবা দিনমজুর। কোনো রকমে সংসার চলে। নবম শ্রেণিতে ওঠার পর মোক্তারাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় মোক্তারা। তখন পড়ালেখা তার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় ও কঠোর পরিশ্রমে সে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মোক্তারা পারভীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সে তৃতীয়।
মোক্তারাদের কোনো ফসলি জমি নেই। বসতভিটার পাঁচ শতাংশ জমিতে একটি মাত্র ঘর। সেটিও জরাজীর্ণ। মোক্তারার মা মমেলা বেগম গ্রামে নকশিকাঁথা সেলাইয়ের কাজ করেন। বাবা-মায়ের সামান্য আয়ে সংসারই চলে না। মোক্তারা চিকিৎসক হতে চায়। সে বলে, ‘আমি ভালো কলেজে ভর্তি হতে চাই। তবে লেখাপড়ার খরচ কীভাবে আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

ইটভাটায় কাজ করেছে শাহিন
১০ বছর আগে শাহিনের বাবা তাদের ছেড়ে চলে যান। সেই থেকে মা পেয়ারা বেগম সংসারের হাল ধরেন। কাজ শুরু করেন চাতালে। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহিন সবার বড়। বছরের অধিকাংশ দিনই তিন বেলা পেট পুরে খাওয়া হয় না তাদের। ষষ্ঠ শ্রেণি থেকে পড়ার ফাঁকে ফাঁকে রাজমিস্ত্রির জোগালি, ইটভাটার শ্রমিক, ধান কাটাসহ বিভিন্ন কাজ করেছে শাহিন। কিন্তু পড়ালেখা ছাড়েনি সে। কারণ পড়াশোনা করে বড় হয়ে মায়ের মুখে হাসি ফোটাতে চায় শাহিন।
শাহিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়া গ্রামে তাদের বাড়ি। শাহিনদের বাড়িতে বিদ্যুৎ নেই। কেরোসিন কেনার পয়সাও মাঝেমধ্যে জোটে না। তাই গ্রামের মসজিদ ও বন্ধুদের বাড়িতে গিয়ে সে পড়েছে। শাহিন বলে, ‘আমাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। আমার জীবনের একমাত্র লক্ষ্য মায়ের মুখে হাসি ফোটানো।’

চিকিৎসক হতে চায় রুমানা
সংসারে অভাব। দশম শ্রেণিতে পড়ার সময় রুমানাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তার বাবা। কিন্তু সে পড়ালেখা করতে চায়। মেয়ের পাশে দাঁড়ান মা। এ নিয়ে স্বামী-স্ত্রীতে ঝগড়াও হয়। বাল্যবিবাহ দেওয়ার জন্য সাজা হবে এমন কথা জানার পর তার বাবা মত বদলান। প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেত রুমানা। এ বছর সে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
রুমানা জান্নাতের বাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের আমলাতলী গ্রামে। বাবা রমজান আলী পেশায় দিনমজুর। মা রওশনারা আক্তার গৃহিণী। বাড়ি বলতে পাঁচ শতক জমির ওপর মাটির একটি ঘর। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র বাবা। রুমানা বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।

খরচ দিতে পারবেন না মামুনের বাবা
জমিজমা বলতে কেবল ভিটাবাড়ি। মাটিকাটার কাজ করে দুই সন্তানকে পড়াচ্ছেন বাবা। মেধাবী ছেলেটি এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আরও পড়তে চায়। তাই খরচ জোগান দেওয়ার চিন্তায় ম্লান হতে চলেছে এ পরিবারের আনন্দ। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের দাতারাটিয়া গ্রামের বাসিন্দা শ্রমিক মো. আবদুল হামিদ। তাঁর এক ছেলে ও এক মেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ইয়াছিন উচ্চবিদ্যালয়ে পড়ে। ছেলের নাম মামুন মিয়া এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
আবদুল হামিদ বলেন, ‘মাটি কাটার আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ছেলে আরও পড়ালেখা করতে চায়। খরচ জোগানোর সাধ্য নেই। সামনে কোনো ভরসা খুঁজে পাচ্ছি না।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ; শেরপুর, নালিতাবাড়ী (শেরপুর) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি]