তারা অসচ্ছল পরিবারের সন্তান। বন্ধুদের সঙ্গে আড্ডা, বেড়াতে যাওয়া এবং বিনোদন কী, তা তারা জানে না। অভাব ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে লেখাপড়া করেছে তারা। এভাবে তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ভালো ফল করেও টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তাদের।বই ধার করে লেখাপড়া: বগুড়ার ধুনট উপজেলার মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী আরিফা খাতুন। সংসারে অভাব থাকায় সহপাঠীদের কাছ থেকে বই ধার নিয়ে লেখাপড়া করেছে সে। কোনো বাধাই ওকে দমাতে পারেনি। এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে হতদরিদ্র মা-বাবার মুখে হাসি ফুটিয়েছে সে। কিন্তু শিক্ষাজীবনে প্রথম বড় ধরনের এ সাফল্য তার মনে আনন্দের পরিবর্তে বয়ে এনেছে দুশ্চিন্তা। সে উপজেলার গোয়ালভাগ গ্রামের দিনমজুর আলী আকবরের মেয়ে। বসতভিটা ছাড়া আকবরের কোনো সম্পত্তি নেই। দিনমজুরি করে যা পান, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয় আকবরের। এর পরও তাঁর মেয়ে আরিফা শিক্ষকদের সহায়তায় লেখাপড়া করে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। আরিফা জানায়, সে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।তবু দমেনি শাহানুজ্জামান: নাটোর সদর উপজেলার ধলাট গ্রামের শাহানুজ্জামান এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার এই সাফল্যের পেছনে আছে কিছু কষ্ট ও বেদনার ঘটনা। তার বাবা নজরুল ইসলাম একটি হিমাগারে শ্রমিক হিসেবে কাজ করেন। নিজেদের জমি নেই। শ্রমিকের কাজ করে যে আয় হয়, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয় নজরুলের। উপরন্তু তাঁর ছেলে শাহানুজ্জামানের দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। শারীরিক সমস্যা ও অভাবের সঙ্গে লড়াই করে লেখাপড়া চালিয়ে গেছে সে। নজরুল ইসলাম বলেন, ‘আমার সামান্য উপার্জনে ছেলেকে উচ্চশিক্ষা দেওয়া সম্ভব না।’সহায়তা না পেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে: পরীক্ষা দেওয়া অনিশ্চিত ছিল। ফরম ফিলাপের টাকাও ছিল না। দিনমজুরি করে সে টাকা জোগাড় করেছিল সেলিম হোসেন। কখনো দিনমজুরি, কখনো গৃহশিক্ষকতা করে চালাতে হয়েছে লেখাপড়ার খরচ। পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। সেলিমদের বাড়ি একই উপজেলার মথুরাপুর গ্রামে। তার বাবা মো. শামসুল শেখ একজন দিনমজুর। সেলিমের মা বলেন, ‘আমার বেটাকে তিন বেলা খাওয়াবের পারিনেই।’ প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, মানুষের সহায়তা না পেলে সেলিমের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।গৃহশিক্ষকতা করে লেখাপড়া: ঘরে পড়ার টেবিল নেই। অভাবের কারণে বাতি জ্বালানোর জন্য কেরোসিন কেনার টাকাও ছিল না। তাই বাড়ির সামনে একটি ফাঁকা জায়গায় বসে দিনের আলোতে চলত লেখাপড়া। নতুন জামা গায়ে ওঠেনি। বাবা আবদুল হক অসুস্থ। তাই গৃহশিক্ষকতা করে সংসারের খরচ চালাতে হয়েছে। শিক্ষকেরা দিয়ে গেছেন উৎসাহ ও সহায়তা। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আমিনুল ইসলাম। তাদের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার ভবনেশ্বর গ্রামে। সে কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। আমিনুল বলে, ‘আমি চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চাই। অন্যের সাহায্য না পেলে আমার এ স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন মাসুদ রানা, ধুনট (বগুড়া), মুক্তার হোসেন, নাটোর, সরোয়ার উল্লাস, পাবনা ও সফি খান, কুড়িগ্রাম]