ভালো ফলনেও হাসি নেই পেঁয়াজচাষির মুখে
পাবনার সাঁথিয়া ও সুজানগর দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা। পেঁয়াজের ফলন ও মান দুই-ই ভালো হয়েছে এবার। তবু এ দুই উপজেলার চাষিরা পেঁয়াজ থেকে তেমন একটা লাভ পাবেন না বলে ধারণা করছেন। গত দুই মৌসুমে পেঁয়াজচাষিদের প্রচুর লোকসান গুনতে হয়েছে।স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সুজানগরে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়। এবার এ উপজেলায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে এবং সাঁথিয়ায় ১১ হাজার হেক্টরে পেঁয়াজের আবাদ হয়েছে। দুই উপজেলায় মূলকাটা ও হালি পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়ে থাকে। মূলকাটা পদ্ধতির পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবরের শুরুর দিকে এবং হালি পদ্ধতির আবাদ শুরু হয় ডিসেম্বর-জানুয়ারিতে। হালি পদ্ধতিতে আবাদ করা নতুন পেঁয়াজ মাস খানেক ধরে হাট-বাজারে মিলছে।চাষিরা জানান, গত বছর হালি পদ্ধতিতে পেঁয়াজের ফলন যেমন কম হয়েছিল, তেমনি দামেও মার খেতে হয়েছিল। দাম আরও কমায় গত ডিসেম্বর-জানুয়ারিতে ওঠা মূলকাটা পদ্ধতির পেঁয়াজে কৃষকদের আরও লোকসান গুনতে হয়েছিল।পেঁয়াজচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই উপজেলার ৯০ ভাগ পেঁয়াজ কেনা-বেচা হয় সাঁথিয়ার কাশীনাথপুর, বনগ্রাম ও বেড়ার করমজা হাটে। প্রায় এক মাস ধরে এসব হাটে দুই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মণ পেঁয়াজ আসছে। আর এসব পেঁয়াজ ট্রাকের পর ট্রাক বোঝাই হয়ে চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। ২৪ এপ্রিল বেড়ার করমজা হাটে ও ২৫ এপ্রিল সাঁথিয়ার কাশীনাথপুর হাটে গিয়ে দেখা যায়, পেঁয়াজের ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে হাট দুটি। ৬৬০-৭৬০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। করমজা হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা সাঁথিয়ার বড়গ্রামের আইয়ুব আলী বলেন, ‘দুই বিঘা জমিতে পিঁয়্যাজের আবাদ কইর্যা ৭০ মণ পাইছি। হাটে ৭৩০ টাকা মণ দরে পিঁয়্যাজ বেইচ্যা খুব একটা লাভ হত্যাছে না। হিসাব কইর্যা দেখছি ৭০০ টাকার ওপরে মণপ্রতি খরচই পইড়্যা গেছে। নিজের জমি দেইখ্যা কিছুটা বাঁচা।’ কাশীনাথপুর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা সুজানগরের রানীনগর গ্রামের ইদ্রিস আলী বলেন, ‘বর্গায় পিঁয়্যাজের আবাদ কইর্যা চোখে-মুখে অন্ধকার দেখত্যাছি। ভালো ফলন দেইখ্যা ভাবছিল্যাম গত দুই মৌসুমের লস (ক্ষতি) এবার পুষ্যায়া যাবি। কিন্তু বাজারে যে দাম, তাতে এবারও বিরাট ক্ষতির মইধ্যে পইড়্যা গেলাম।’সাঁথিয়া উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা আবদুল করিম বলেন, ‘এবার পেঁয়াজের ফলন ও মান দুই-ই বেশ ভালো হয়েছে। গত দুই মৌসুমে চাষিরা লোকসান দিয়েছেন। বর্তমান বাজার দরে তাঁদের খুব বেশি লাভ হয়তো হবে না, তবে লোকসানের ভয় নেই।’