ভালো ফলনের স্বপ্ন ফিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে দক্ষিণাঞ্চলের কৃষকেরা আমনের মার খাওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষতি পোষাতে এ বছর ব্যাপক হারে আউশ ধানের চাষ করেছেন। কিন্তু অধিকাংশ আউশের খেতে খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণের কারণে তাঁদের ভালো ফলন পাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে। খেতে জমে থাকা জোয়ারের লোনাপানির প্রভাব, খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণে উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাবে বলে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের অনেক কৃষক জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডর ও আইলার পর তিন বছর ধরে আমনে মার খাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে এবার এ অঞ্চলের কৃষকেরা ব্যাপক হারে আউশ ও ব্রি-৬৩ জাতের ধানের চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বরিশাল কৃষি অঞ্চলের আওতায় ১১টি জেলায় রেকর্ড পরিমাণ প্রায় তিন লাখ হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে। এর মধ্যে বরগুনায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ করেছেন কৃষকেরা।সরেজমিনে জানা গেছে, যে আশা নিয়ে এবার কৃষকেরা ব্যাপক হারে আউশের আবাদ করেছিলেন, অনাবৃষ্টি ও মাজরা পোকার আক্রমণে তা ভেস্তে গেছে। সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, ‘যহন ধান গাছের থোর বাইর অওন শুরু করে, তহনই খোলপচা রোগ অইয়্যা গাছগুলা কেমন লালচে অইয়্যা যায়। এহন বাধ্য অইয়্যা কাচা ধান কাটতে আছি, নাইলে কিছুই পামু না।’ তিনি জানান, এক একরে আউশের চাষ করে ২০ মণ ধান পেয়েছেন। এতে উৎপাদন খরচ হয়েছে ১৮ হাজার টাকা। এ ধান বিক্রি করে পাবেন প্রায় ১২ হাজার টাকা।সদর উপজেলার পশ্চিম পাঠাকাটা গ্রামের কৃষক মামুনের ৬০ শতক এবং ওয়ারেচ হাওলাদারের ৫০ শতক জমির ধানখেত খোলপচা রোগে পুড়ে গেছে। সদর উপজেলার কেওড়াবুনিয়া, বুড়িরচর, নলটোনা ও বদরখালী এলাকায় গিয়েও একই দৃশ্য চোখে পড়ে। বামনা উপজেলা কৃষি কর্মকর্তা আ. রাজ্জাক বলেন, উপজেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আউশ ও ব্রি-৬৩ জাতের ধান আবাদ হয়েছে। প্রথম দিকে ভালো ফলনের আশা থাকলেও খোলপচা রোগ ও মাজরা পোকার আক্রমণে উৎপাদন অনেকটাই ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সদরে নিচু এলাকার জমিতে খোলপচা রোগের আধিক্য বেশি।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, তিনি এক একরে ৬০ মণ ধান পাওয়ার আশা করেছিলেন। কিন্তু মাজরা পোকা আর খোলপচা রোগের আক্রমণের কারণে এখন ২০ মণ ধান পাবেন কি না তা নিয়ে সন্দিহান।মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, অপেক্ষাকৃত নিচু জমিতে পানি নিষ্কাশনে অসুবিধার কারণে খোলপচা রোগ দেখা দিয়েছে। তিনি জানান, খোলপচা রোগ ও পোকার আক্রমণে আউশের উৎপাদন কিছুটা ব্যাহত হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক বিকাশ ইন্দু মণ্ডল মাজরা পোকা ও খোলপচা রোগের প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, এটা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব ফেলবে না।