ভালো ফলের আনন্দে জলাবদ্ধতার বাগড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন। পাস করেছেন ৭৫৮ জন। ভালো ফলের পরও গতকাল রোববার কলেজে শিক্ষার্থীদের ভিড় হয়নি। হাতে গোনা যে কয়েকজন এসেছিলেন, তাঁরা যে উল্লাসে মেতে উঠবেন, সে উপায়ও ছিল না। প্রবল বৃষ্টিতে কলেজের সামনের রাস্তা হাঁটু পরিমাণ পানিতে ডুবে যায়। কলেজের ভেতরেও থইথই পানি। পানি ঢুকে শ্রেণিকক্ষেও।

গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার কমার্স কলেজে গিয়ে দেখা যায়, কোনো উচ্ছ্বাস নেই। ভালো ফলের আনন্দে বাগড়া দিয়েছে জলাবদ্ধতা!

কলেজের অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া বলেন, ‘আজ (রোববার) এইচএসসির ফল প্রকাশের পরও বৃষ্টি ও পানির কারণে শিক্ষার্থীরা আসেনি।’

কমার্স কলেজের মতো নগরের অন্য কলেজগুলোতেও পাসের আনন্দে বাগড়া দিয়েছে জলাবদ্ধতা। চট্টগ্রাম কলেজ, হাজি মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজসহ বিভিন্ন কলেজে এইচএসসি পাস করা শিক্ষার্থীর উপস্থিতি ছিল হাতে গোনা। অবশ্য গত পাঁচ বছরের মধ্যে এবার চট্টগ্রাম বোর্ডের ফল সবচেয়ে খারাপ হয়েছে। পাসের হার ৬১ দশমিক শূন্য ৯ শতাংশ।

চট্টগ্রাম কলেজে বেলা ১টা ১০ মিনিটে গিয়ে দেখা যায়, মাত্র ছয়জন শিক্ষার্থী ফল দেখতে এসেছে। তাসপিয়া আলম নামে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা এক শিক্ষার্থী বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সহপাঠীরা আসেনি।

চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্ত্তী বলেন, বৃষ্টির কারণে চারদিকে পানি। শিক্ষার্থীরা কীভাবে আসবে!

বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম কলেজের পাশের হাজি মুহাম্মদ মহসিন কলেজে দেখা যায়, মাত্র সাত-আটজন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী আড্ডা দিচ্ছেন।

বৃষ্টি ও জোয়ারের পানির সঙ্গে কাপ্তাই হ্রদের পানি যুক্ত হওয়ায় গতকাল নগরের বিভিন্ন স্থান আবার জলাবদ্ধ হয়ে পড়ে। শনিবার রাত থেকে শুরু হয় এই বৃষ্টি। নগরের অনেক এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায়। পানি ঢুকে চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও।

চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার খালেদ প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ির সামনে (মাস্টারপুল এলাকা) শেষবার পানি উঠেছিল ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময়। আজ (রোববার) আবার উঠেছে।’

১৮ জুলাই থেকে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ১৬টি ফটক দুই ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক বা ১০ লাখ ১৯ হাজার ১৬০ লিটার পানি কর্ণফুলী নদীতে এসে পড়ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে শুরু করায় জলবিদ্যুৎ প্রকল্পের ফটক খুলে দিতে হয়েছে বলে জানান সেখানকার এক কর্মকর্তারা। কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে যোগ হওয়ায় এই বাড়তি পানিও জোয়ারের সঙ্গে নগরের বিভিন্ন খাল দিয়ে লোকালয়ে ঢুকেছে।

কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক মো. আবদুর রহমান বলেন, ১৬টি ফটক দিয়ে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে পড়ছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, শনিবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নগরের মাস্টারপুল, কোরবানিগঞ্জ, বলুয়ারদীঘির পাড়, চাক্তাই ও খাতুনগঞ্জ, প্রবর্তক মোড়, ষোলশহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, ডিসি রোড, আগ্রাবাদ এক্সেস সড়ক, সিডিএ আবাসিক এলাকা, কমার্স কলেজ সড়ক, হালিশহরসহ বিভিন্ন স্থানে গতকাল পানিতে তলিয়ে যায়।

আগ্রাবাদ এক্সেস সড়কে গতকাল বেলা একটায় ছিল হাঁটুসমান পানি। সড়কে রিকশা ছাড়া অন্য যানবাহনের চলাচল সীমিত হয়ে যায়।

হালিশহর পুলিশ লাইন ও এসপি কার্যালয়েও পানি ঢুকে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টা থেকে অফিসে পানি। কাজ করতে সমস্যা হচ্ছে।’

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরে যানবাহনের স্বল্পতা ছিল গতকাল। এই সুযোগে অটোরিকশা ও রিকশাভাড়া বেড়ে যায়। প্রীতম দাশ নামের এক যাত্রী বলেন, ষোলশহর থেকে চেরাগীমোড় যেতে ১২০ টাকা অটোরিকশার ভাড়া দিতে হয়েছে তাঁকে। স্বাভাবিক অবস্থায় এই ভাড়া সর্বোচ্চ ৮০ টাকা।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কতর্ব্যরত আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।