ভালো ফলের পেছনে চতুর্থ বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা রাজনৈতিক অস্থিরতায় ক্লাস-পরীক্ষা নিয়ে কম ভোগান্তিতে পড়তে হয়নি এই শিক্ষার্থীদের। শেষ পর্যন্ত সাফল্য এসেছে। ঢাকা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার প্রথম স্থান অর্জন করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। গতকাল ফল ঘোষণার পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস । ছবি: প্রথম আলো
টানা রাজনৈতিক অস্থিরতায় ক্লাস-পরীক্ষা নিয়ে কম ভোগান্তিতে পড়তে হয়নি এই শিক্ষার্থীদের। শেষ পর্যন্ত সাফল্য এসেছে। ঢাকা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার প্রথম স্থান অর্জন করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। গতকাল ফল ঘোষণার পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস । ছবি: প্রথম আলো
নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় আর পরিশ্রমের স্বীকৃতি মিলেছে। এবার আকাশ ছোঁয়ার পালা! ভালো ফল করা চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের তিন শিক্ষার্থীর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস । ছবি: সৌরভ দাশ
নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় আর পরিশ্রমের স্বীকৃতি মিলেছে। এবার আকাশ ছোঁয়ার পালা! ভালো ফল করা চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের তিন শিক্ষার্থীর তাই বাঁধভাঙা উচ্ছ্বাস । ছবি: সৌরভ দাশ

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। পরীক্ষার মোট নম্বরের সঙ্গে চতুর্থ বিষয়ের নম্বর যোগ হওয়ায় জিপিএ-৫ গেলবারের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে।
একাধিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বিশ্লেষণ করে দেখেছেন, এবার ভালো ফলের মূল কারণ প্রথমবারের মতো চতুর্থ বিষয় যোগ হওয়া। বিষয়টি ছিল ঐচ্ছিক, কিন্তু ভালো ফলের জন্য এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
এবার জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ পরীক্ষার্থী। অথচ গতবার এ দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৪৬ হাজার ৯৪২ জন।
এবার চতুর্থ বিষয় হিসেবে যোগ হয়েছে গার্হস্থ্য অর্থনীতি ও কৃষিশিক্ষা। নিয়ম হলো চতুর্থ বিষয়ে ৪০-এর ওপরে যে নম্বর পাওয়া যায়, তা পরীক্ষার মোট নম্বরের সঙ্গে যোগ হয়। অর্থাৎ কেউ যদি চতুর্থ বিষয়ে ৬০ পায়, তাহলে তার মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে ২০ যোগ হবে।
জিপিএ-৫ পাওয়ার অর্থ সব বিষয়ে কমপক্ষে ৮০ পাওয়া। একটি বিষয়ে কম নম্বর পেলেই ফসকে যায় সেরা মেধাবী হওয়ার গৌরব। একটি বা দুটি বিষয়ে ৮০ নম্বরের কম পাওয়া পরীক্ষার্থীরা এবার চতুর্থ বিষয়ের সুবিধা নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
ভালো ফলের কারণ জানতে চাইলে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, তাঁর বোর্ডে গতবার জিপিএ-৫ পেয়েছিল মাত্র এক হাজার ৩৬৪ জন। আর এবার তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৭৪৮ জন। এর বড় কারণ হলো চতুর্থ বিষয়।
একই ধরনের মত দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসবিরুল হক।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি চতুর্থ বিষয় যোগ হওয়াতেই ভালো ফল হয়েছে। ফলাফলের দিক দিয়ে এবার ঢাকা বোর্ডে সেরা হয়েছে ভিকারুননিসা নূন স্কুল।
গত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন বিরোধী দলের হরতালের কারণে ফল খারাপ হয়েছে। কিন্তু এবার আরও খারাপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পরীক্ষা হলেও ফল ভালো হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ বিষয় যোগ হওয়ায় সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়েছে।
কঠিন বিষয়ে আগের চেয়ে ভালো ফল: শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আগের চেয়ে এবার ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করেছে শিক্ষার্থীরা। এবার ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ। গতবার ছিল ৮৮ দশমিক ৬২ শতাংশ। রাজশাহীতে এবার ইংরেজিতে পাসের হার ৯৪ দশমিক ৩৮ শতাংশ, গতবার ছিল ৮৬ দশমিক ৬২ শতাংশ। অধিকাংশ বোর্ডে ইংরেজিতে পাসের হার বাড়লেও কুমিল্লা ও সিলেটে ইংরেজি পাসের হার সামান্য কমেছে।
গণিত বিষয়েও আগের বছরের চেয়ে তুলনামূলক ভালো ফল হয়েছে। এবার সব বোর্ডেই গণিতে পাসের হার ৯০-এর ওপরে। এ দুটি বিষয় শিক্ষার্থীদের কাছে কঠিন বিষয় হিসেবে বিবেচিত।
জিপিএ-৫ বাড়ছে: গত চারটি পরীক্ষার ফল তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, প্রথমবারের পরীক্ষার চেয়ে এবার পর্যন্ত জিপিএ-৫ বেড়েছে ২০ গুণেরও বেশি। ২০১০ সালে প্রথমবার যখন জেএসসি পরীক্ষা শুরু হয়েছিল, তখন জিপিএ-৫ পেয়েছিল আট হাজার ৫৫৬ জন। পরের বছর পায় ৩০ হাজার ৮৫২ জন। ২০১২ সালে জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পায় ৪৬ হাজার ৯৪২ জন। আর এবার এ দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন।
কমেছে অনুপস্থিতি ও অনুত্তীর্ণের সংখ্যা: ২০১০ সালে জেএসসিতে অনুপস্থিত ছিল এক লাখ ১৩ হাজার ২৪৮ জন শিক্ষার্থী। এবার জেএসসি ও জেডিসি মিলে অনুপস্থিত ছিল ৩৯ হাজার ৬০১ জন। পাসের হার বাড়ার কারণে অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যাও কমে আসছে। ২০১০ সালে জেএসসিতে পাসের হার ছিল ৭৩ দশমিক শূন্য ৪ শতাংশ। পরের বছর জেএসসি-জেডিসি মিলে হয় ৮৩ দশমিক ৭১ শতাংশ, গত বছর ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। এবার পাসের হার প্রায় ৩ শতাংশ বেড়েছে।