দুর্নীতি দমন কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেছেন, খারাপ মানুষ দেশের যত না ক্ষতি করে, একজন ভালো মানুষ নিষ্ক্রিয় থাকলে তার চেয়ে বেশি ক্ষতি হয়, দেশ পিছিয়ে পড়ে। তাই শুধু ভালো মানুষ হলেই চলবে না, পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজও করতে হবে। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ রোববার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত সততা সংঘের সমাবেশে তিনি এসব কথা বলেন। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন ওই সমাবেশের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমাবেশটির আয়োজন করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ।
পরে নাসির উদ্দীন আহমেদ দুর্নীতি প্রতিরোধে সততা সংঘের সদস্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান এবং তাদের মধ্যে দুদকের শিক্ষা উপকরণ ও মেডেল বিতরণ করেন। এর আগে সমাবেশের আলোচনার শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামূলক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সমাবেশে সৈয়দপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘের সদস্য দুই শতাধিক শিক্ষার্থী, পরামর্শক কাউন্সিলর শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।