ভালো মানুষ হতে চায় ঝিনাইদহের কৃতীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়ালেখা করে যেভাবে জিপিএ-৫ পেয়েছি, ভালো মানুষ হয়ে সেভাবে সমাজের কাছ থেকে জিপিএ-৫ পেতে চাই।’ এটি ঝিনাইদহের নয়, শতাধিক কৃতী শিক্ষার্থীর অঙ্গীকার। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা এভাবে তাদের অনুভূতি ব্যক্ত করে।প্রথম আলো ও মোবাইল ফোন কোম্পানি রবির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠান শুরু হয়। কৃতী শিক্ষার্থীরা দাঁড়িয়ে অঙ্গীকার করে, নিজে বদলাবে, অপরকে বদলে যেতে বলবে। ভুলেও কেউ মাদক নেবে না, ইভ টিজিংকে ঘৃণা করবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এরপর একে একে বক্তব্য দেন কৃতী শিক্ষার্থী জয় ও মিথিলা, শিক্ষক বি সি বিশ্বাস, আমিনুর রহমান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক সিরাজুল হক এবং শেষে প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান সমাপনী বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি শাহীনূর আলম ও শাহরিন আক্তার।অনুষ্ঠানে বিহঙ্গ সাংস্কৃতিক একাডেমির দুই শিল্পী ও বন্ধুসভার সদস্যরা সংগীত পরিবেশন করেন। জেলার সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় ও ঝিনাইদহ কাঞ্চননগর মডেল হাই স্কুলকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। সবশেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুশীল সমাজের নেতা, শিক্ষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।