জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সপ্তাহে বক্তারা
ভালো মানের চলচ্চিত্র উন্নত বোধের জন্ম দেয়
চলচ্চিত্র এমন একটি শিল্পকলা, যা আমাদের সামনে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরে। ভালো মানের চলচ্চিত্র আমাদের মধ্যে উন্নত বোধের জন্ম দেয়। গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তৃতীয় আন্তর্জাতিক চলচিত্র সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ফিল্ম সোসাইটি এ অনুষ্ঠানের অয়োজন করে। গতকাল সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর চলচিত্রে বিশেষ অবদান রাখায় প্রয়াত চলচ্চিত্রকার বাদল রহমান ও বেবি ইসলামকে সম্মাননা দেওয়া হয়। পরে সেখানে লুমিয়ের অ্যান্ড কোম্পানি ছবিটি প্রদর্শন করা হয়।সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে একই স্থানে প্রতিদিন বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায় তিনটি করে বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র দেখানো হবে। আজ সোমবার থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ কর্মশালারও আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালা প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। এ ছাড়া তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করত্রেআয়োজন করা হয়েছে ‘মুক্ত চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা’। ১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রকার শাকুর মজিদ বলেন, চলচ্চিত্রের মধ্যে ছয়টি শিল্পের সমন্বয় থাকে। এই ছয়টি শিল্পসংবলিত ভালো চলচ্চিত্র আমাদের মধ্যে উন্নত বোধের জন্ম দেয়। সবার মধ্যে ভালো ছবি দেখানো ও ছবি বানানোতে আগ্রহ তৈরির লক্ষেই ফিল্ম সোসাইটিগুলোকে কাজ করার অনুরোধ জানান তিনি।চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, চলচ্চিত্রের মধ্য দিয়ে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ভালো মানের চলচ্চিত্র দেখার মধ্য দিয়ে আমাদের মানসিকতার উন্নতি ঘটে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রামাণ্য চলচ্চিত্রকার ফকরুল আরেফিন, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ফিল্ম সোসাইটির সভাপতি কবি মো. খালেদ হোসাইন প্রমুখ বক্তব্য দেন।