ভালো লোককে তাড়িয়ে দিচ্ছে খারাপ লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকবর আলি খান
আকবর আলি খান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বাংলাদেশের সর্বস্তরে এমনকি শিক্ষাব্যবস্থায়ও এখন গ্রেশামস ল চলছে। গ্রেশামস ল হচ্ছে অর্থনীতির একটি সূত্র। এর উৎপত্তি গ্রিসে, যেখানে বলা হয়েছে ভালো লোকদের তাড়িয়ে দেয় খারাপ লোকেরা। বাংলাদেশের সর্বক্ষেত্রে এখন ভালো জিনিসকে তাড়িয়ে দিচ্ছে খারাপ জিনিস। ভালো লোককে তাড়িয়ে দিচ্ছে খারাপ লোক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৫তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের টিএসসি গতকাল শুক্রবার এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র আকবর আলি খান বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘এখন সব বিষয়ে অনার্স পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু উন্নত বিশ্বে যেমন: হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে এমনটি হয় না। সেখানে অনার্সে সাধারণত কিছু মৌলিক বিষয় শেখানো হয়। এরপর উচ্চতর বিষয়ে পড়াশোনা করা হয়। কিন্তু আমাদের দেশে আমরা শিক্ষার ক্ষেত্রে নিচের দিক থেকে বিশেষায়ন শুরু করেছি, ওপরের দিকে আর বিশেষায়নের কোনো উপায় থাকে না। এই অবস্থা বিরাজ করতে থাকলে শিক্ষাক্ষেত্রে আমরা ক্রমশ অন্ধকারের দিকে যাব।’ অবস্থার উত্তরণে উন্নত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী। ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী, অধ্যাপক মোফাখখারুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ‘আনন্দে জাগি আজ প্রাণের উষ্ণতায়, বন্ধন হোক অটুট ইতিহাসের এই মিলন মেলায়’ স্লোগানে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আকবর আলি খান।
পুনর্মিলনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভিন্ন পেশায় থাকা এই প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের চেয়ারম্যান সোনিয়া নিশাত আমিন বলেন, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী তথা মিলনমেলা একটি অনন্যসাধারণ বিষয়। অনুষ্ঠানে ‘অনন্যা সাহিত্য পুরস্কার-২০১৫’ ও ‘বাংলা একাডেমি পুরস্কার-২০১৪’ লাভের জন্য অধ্যাপক সোনিয়া নিশাত আমিন ও অধ্যাপক আবু মো. দেলওয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। বিভাগের গরিব ও মেধাবী ১৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।