ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেছেন, কলকারখানা-শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত।
গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর শহরের ধাপ ইঞ্জিনিয়ার পাড়ায় অবস্থিত নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাহ্ফুজ আনাম এ কথা বলেন। তিনি বলেন, শিশুর শিক্ষার প্রথম পাঠ শুরু হয় মায়ের কাছ থেকে। সবচেয়ে বড় স্কুল হলো মা। আর শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব হলো ভালো মানুষ হওয়া। অন্যান্য পেশার পাশাপাশি ছেলেমেয়েদের একজন ভালো শিক্ষক হতে অনুপ্রাণিত করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। কারণ, ভালো শিক্ষকই পারে প্রজন্মকে গড়ে তুলতে।
মাহ্ফুজ আনাম আরও বলেন, ‘আমাদের দেশে ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক ভাষা হওয়ায় বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে আমাদের ইংরেজির চর্চা করতে হবে। সেই সঙ্গে আমাদের সংস্কৃতি এবং ইতিহাসকেও লালন করতে হবে এবং বাংলা ভাষার চর্চাও করতে হবে।’ শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের ‘স্মার্ট’ হতে হবে। শুদ্ধ উচ্চারণ করতে হবে। জ্ঞানচর্চা করতে হবে।
নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরওয়ার জাহান, উপদেষ্টা পরিষদের সদস্য রাকিবুজ্জামান, নাট্যকার ফেরদৌস হাসান প্রমুখ। আলোচনার আগে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করা হয়।