ভালো সময় 'নাও মেস্তরি'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় সজ্জাদ আহমদের (বাঁয়ে) নেতৃত্বে চলছে নৌকা তৈরি। ২০ জুলাই তোলা ছবি l প্রথম আলো
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় সজ্জাদ আহমদের (বাঁয়ে) নেতৃত্বে চলছে নৌকা তৈরি। ২০ জুলাই তোলা ছবি l প্রথম আলো

চারপাশ পানিতে থইথই। ঘর থেকে পা বাড়ালেই পানি। দূরে কোথাও যাওয়ার তো সুযোগই নেই। পাড়ার এবাড়ি-ওবাড়ি যেতেও পানিতে নামতে হচ্ছে। কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। কোমরসমান, গলাসমান পানি। এ অবস্থায় মৌলভীবাজারের কাউয়াদীঘি ও হাকালুকি হাওরপারের গ্রামগুলোয় যাতায়াতের একমাত্র বাহন নৌকা। এভাবে হাওরাঞ্চলে ফিরে আসছে মাঝির গান, বইঠার ছলাৎ ছলাৎ।

বেশ কিছু বর্ষা গেছে। এত পানি ছিল না। যাঁরা মাছ ধরেন, গরু-মহিষের জন্য হাওর থেকে ঘাস-দল (শাপলা-শালুক) সংগ্রহ করেন, তাঁরাই কেবল নৌকা নিয়ে পানিতে ভাসতেন। এবার সেই অবস্থা নেই। নিজের থাক বা না থাক, পানিতে ভাসতে নৌকা ছাড়া উপায় নেই। এই অবস্থায় যাঁদের সামর্থ্য আছে, তাঁরা হাত গুটিয়ে বসে না থেকে নৌকা বানাতে উদ্যোগী হয়েছেন। হাওরাঞ্চলে চলছে এখন নৌকা বানানোর হিড়িক।

‘নাও মেস্তরি’দেরও এখন রমরমা সময়। একটার পর একটা ‘নাও’ তৈরির ফরমাশ আসছে। তাঁরাও হাতুড়ি-বাটাল নিয়ে নেমে পড়ছেন কাজে। সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর-বালাগঞ্জ সড়কের বেশ কয়টি স্থানে দেখা গেল, নৌকা বানানো হচ্ছে। সড়কের মধুরবাজার, রাতিবের দোকানসহ বিভিন্ন স্থানে টুকটাক শব্দের তালে কাঠের টুকরোগুলো নৌকার আদল নিচ্ছে। কাঠের জোড়ায় জোড়ায় চলছে পেরেক ঠোকা।

রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের সজ্জাদ আহমদের (৩৫) সঙ্গে ১৮ জুলাই কথা হয় রাজনগর-বালাগঞ্জ সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মধুরবাজারের একটি চায়ের দোকানে বসে। এখানেই তিনি বেশ কটি নাও বানিয়েছেন। সজ্জাদ আহমদ বলেন, ‘এবার পানি প্রচুর। ঘর থাকি মানুষ বাইর অইত (হতে) পারের না। এ কারণে মানুষ নৌকাও বেশি বানার (তৈরি করছে)। এ বর্ষাত (বৈশাখ থেকে) এ পর্যন্ত ১০টা নাও বানাইছি। আরও চাইর-পাঁচটার অর্ডার আছে।’ তিনি আরও বলেন, ‘প্রায় ২০ বছর ধরি আমি নৌকা বানাই। এটা আমরার পারিবারিক ঐতিহ্য। বাপ-দাদারাও মেস্তরি (কারিগর) আছলা (ছিলেন)। কইতা পারইন (বলতে পারেন) এটা আমরার মৌসুমি ব্যবসা। শুকনা সময় তো আমরার বেকার যায়।’

সজ্জাদ আহমদ বলেন, বেশ ক-বছর ধরে হাওরে পানি কম হয় বলে মানুষের খুব বেশি নৌকার প্রয়োজন পড়ে না। যে কারণে প্রতিবছর বেশি হলে চার থেকে পাঁচটি নৌকা বানানোর ফরমাশ পান তিনি। একটা নৌকা বানাতে প্রায় ১২ দিন সময় লাগে। মজুরি নেন ১০ হাজার টাকা। তাঁর সঙ্গে আরও দুজন সহকারী থাকেন। তিনজনে মিলে নৌকা তৈরি করেন। ১৮ হাত লম্বা একটি নৌকা বানাতে কাঠ, লোহা, আলকাতরাসহ ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে।

নওয়াগাঁও গ্রামের বিধুর দাস (৩৫) বলেন, ‘আমি এবার চাইরটা নাও বানাইছি। আমার গেরস্থি (কৃষিখেত) আছে। অবসর সময় নৌকা বানাই।’

পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামের এরশাদ মিয়া বলেন, ‘এবার নৌকা বেশি লাগের। পানি বেশি অইছে (হয়েছে)। কোটিপতি-ফকির অউকা (হউক) নৌকা ছাড়া চলতা পাররা না। এলাকার ষোলো আনা মাইনষর (মানুষের) মাঝে দুই আনা মাইনষর নৌকা আছে। ১৪ আনা মাইনষরই নাই। যার অবস্থা ভালা, হেই (সেই) নৌকা বানার। আমার ঘরর মধ্যে আটু (হাঁটু) পানি। নৌকা বানাইবার ক্ষমতা নাই। নৌকা ভাড়া নিয়া চলরাম। নাওর মালিকরে মাসে দেড়-দুই হাজার টাকা ভাড়া দেওয়া লাগে।’

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুননূর আহমদ আজাদ গত রোববার বলেন, কাওয়াদীঘি হাওরে এখনো পানি বাড়ছে। অনেকের নৌকা বানানোর জায়গাও নেই। যাঁরা সুযোগ পাচ্ছেন বানাচ্ছেন।