ভালো সড়ক ভেঙে সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা-আটপাড়া সড়কের ভালো পিচ উঠিয়ে সংস্কার করছে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এর মধ্যে প্রায় ৫০০ মিটার সড়কের পিচ ওঠানো হয়েছে। এ পথে চলাচলকারী একাধিক লোক জানিয়েছেন, সড়কটি এখনো এত খারাপ হয়নি যে মেরামত করতে হবে। জেলার আরও অনেক সড়কের অবস্থা খুবই খারাপ।
এলজিইডি সূত্র জানায়, বারহাট্টা-আটপাড়া সড়ক প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। এ সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, টেম্পো ও ট্রাক চলাচল করে। ৩৪ লাখ টাকা ব্যয়ে এ সড়কের বিভিন্ন অংশে দুই কিলোমিটার ৮৩৮ মিটার সংস্কার করা হচ্ছে। কিন্তু এর প্রায় পুরোটাই ভালো।
১৬ নভেম্বর বিকেল চারটার দিকে বারহাট্টা উপজেলার আমঘয়াইল, নিশ্চিন্তপুর, মঈনপুর ও শাইন্নিয়াপাড়া এলাকায় ভালো পিচ তুলতে দেখা যায়।
এ পথে নিয়মিত টেম্পো চালান রুহুল আমীন (৩৫)। তিনি বলেন, রাস্তাটি টুকটাক ভাঙা ছিল। এখন সংস্কার না করলেও চলত।
অপর চালক আবুল হোসেন (৪৫) বলেন, রাস্তাটি এখনো ভালো আছে। দু-একটি জায়গায় সামান্য ভাঙা ছিল। সামান্য মেরামত করলেও চলত। ভালো পিচ ওঠানোর দরকার ছিল না।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, ‘রাস্তাটি যে রকম ভালো ছিল, সে রকম করে মেরামত করলে আমাদের আপত্তি নেই।’
২০ নভেম্বর সড়কে অবস্থানরত এ কাজের উপঠিকাদার সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশগুলো নরম হয়ে দেবে গিয়েছিল। সেই জায়গার পিচ উঠিয়েছি। বাকিটার ওপরে কাজ করব। এ কাজ দুই মাসের মধ্যে শেষ করতে হবে।’
জেলায় ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত আমীরুল হক জানান, জেলার অনেক রাস্তাই চলাচলের অনুপযোগী। ওগুলো মেরামত না করে একটি ভালো রাস্তা কেন মেরামত করা হচ্ছে?’ বারহাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমঘয়াইল বাজারে ও মঈনপুর এলাকায় একটু ভাঙা ছিল। তবে যান চলাচলের উপযোগী ছিল।
নেত্রকোনার এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুল আহসান বলেন, রাস্তাটি ভাঙা ছিল বলেই মেরামত করা হচ্ছে।