ভালো হলে গাড়ির মালিকেরাও গণপরিবহন ব্যবহার করবেন
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেছেন, ঢাকার রাস্তায় প্রতিদিন যাঁরা বের হন, তাঁরা সবাই যানজটের কারণে ভুক্তভোগী। যানজট কমানোর জন্য দেশে গণপরিবহনের অবস্থা উন্নত করতে হবে। গণপরিবহন সুবিধাজনক হলে যাঁরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তাঁরাও গণপরিবহন ব্যবহার করবেন।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আবু নাসের খান এসব কথা বলেন। আলোচনা সভায় জানানো হয়, ২২ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ পালন করা হবে।
বক্তারা বলেন, পরিবহন খাতে কেউ চাইলেই নতুন বিনিয়োগ করতে পারছেন না এ খাতের সিন্ডিকেটের কারণে। নতুন বিনিয়োগকারীরা গাড়ি নামাতে চাইলে তাঁরা পারেন না। গাড়ি কেনার চেয়ে রুট পারমিট পেতে বেশি টাকা খরচ হয়। এ জিম্মিদশা থেকে মানুষকে মুক্ত করতে হবে।