ভালোবাসা দিবসে ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা দিবসে ফরিদপুর রেলস্টেশনে ব্যতিক্রমী আয়োজন করে ‘আমরা করব জয়’ নামের তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে গতকাল সকালে রেলবস্তির ৩২টি শিশুর মধ্যে খিচুড়ি ও মাংস পরিবেশন করা হয় l প্রথম আলো
ভালোবাসা দিবসে ফরিদপুর রেলস্টেশনে ব্যতিক্রমী আয়োজন করে ‘আমরা করব জয়’ নামের তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে গতকাল সকালে রেলবস্তির ৩২টি শিশুর মধ্যে খিচুড়ি ও মাংস পরিবেশন করা হয় l প্রথম আলো

ফরিদপুর রেলস্টেশনে সকাল থেকে জড়ো হতে থাকে ওরা। ওদের কারও হাতে থালা, কারও হাতে বাটি, কারও হাতে মগ বা ছোট গামলা। ওদের বয়স ৩ থেকে ১৩ বছরের মধ্যে। ওরা থাকে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর মহল্লার রেলবস্তিতে।
রেলস্টেশনের পূর্ব দিকে প্ল্যাটফর্মের পাশে ওদের বসার জন্য আগে থেকেই পেতে রাখা হয়েছিল কয়েকটি চাদর। ৩২টি শিশু ওই চাদরের ওপর গোল হয়ে বসে পড়ে। ওই জায়গায় আগে থেকেই প্রস্তুত ছিল কয়েকজন তরুণ ও তরুণী। কলসিতে করে পানি এনে, সেই পানি জগে ঢেলে আগে প্রতিটি শিশুর হাত ধুইয়ে দেয় ওই তরুণেরা। পরে শিশুদের থালা, বাটি, প্লেটে তুলে দেওয়া হয় খিচুড়ি।
বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপন উপলক্ষে ফরিদপুরে ব্যতিক্রমী এ আয়োজন করেছে ‘আমরা করব জয়’ নামের তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে। সংগঠনটির সঙ্গে যারা জড়িত, তাদের কারও বয়সও ১৮ বছরের বেশি নয়। সবাই উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। গত বছরের ১ মার্চ ফরিদপুর শহরের তিনটি কলেজের ১৭ জন শিক্ষার্থী মিলে প্রতিষ্ঠা করে সংগঠনটি।

গতকাল সকালে পেট পুরে মাংস দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে তৃপ্তির হাসি ফুটে ওঠে দরিদ্র পরিবারের এসব শিশুর চোখে-মুখে। খাওয়া শুরুর আগে এসব শিশুর কেউ গেয়েছে গান, কেউবা করে কবিতা আবৃত্তি। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রত্না আক্তার বলে, সকালে বাসায় খাইতে হয় রাতের বাসি ভাত। আজ গরম খিচুড়ি পেট ভরে খেয়েছে সে। আর পঞ্চম শ্রেণির নাসরিন আক্তার বলে, ‘প্রতিদিন যদি এমন খাইতে পারতাম, তাইলে ভালো হতো।’

ওই সংগঠনের আহ্বায়ক ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আহমেদ সৌরভ বলে, ‘প্রেমিক-প্রেমিকার ভালোবাসা প্রকাশ করতে একটি গোলাপ ফুল কিনতেও লাগে ৫০ টাকা। অথচ এ টাকা দিয়ে এক কেজি চাল কেনা যায়। ১০ টাকা দামের একটি ডেইরি মিল্ক চকলেটের দামে কেনা যায় ১০০ গ্রাম ডাল। তাই আজ আমরা বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের টাকা দিয়ে এবং সামাজিক গণমাধ্যমে আহ্বান জানিয়ে কিছু সংগ্রহ করে বস্তির এসব শিশুকে সকালের নাশতা খাওয়ানোর কর্মসূচি হাতে নিই।’

ওই সংগঠনের সদস্য ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া সৌরি বলে, ‘বস্তির এই শিশুদের আমরা (সদস্যরা) রুটিন করে পড়াই। প্রতিদিন বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই রেলস্টেশনেই ওদের ক্লাস নেওয়া হয়। এ ছাড়া শহরে হরিজনদের আবাসস্থল বান্ধব পল্লির শিশুদের আমরা পড়ানোর উদ্যোগ নিয়েছি।’

গতকাল কার্যক্রমের শুরু থেকেই উপস্থিত থেকে শিশুদের আনন্দ করে খাওয়ানোর এ দৃশ্য দেখেছেন ফরিদপুর রেলস্টেশনের ক্লিনার রাবেয়া বেগম। রাবেয়া বেগম অাপ্লুত কণ্ঠে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা অনেক ভালো কাজ করেছে। টাকা বাজে খরচ করছে না, শিশুদের মুখে খাবার তুলে দিয়েছে।