ভালোবাসা পেল ভুবন চিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিটির নাম ভুবন চিল। বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ওড়াতে পারছেন না। কখনো পায়ের আঙুল ও নখ দিয়ে শক্ত করে হাতে আটকে থাকছে। আবার কখনো ঝিম মেরে বসে থাকছে। পাখিটি ওড়াতে গিয়ে হিমশিম খাচ্ছেন শাহাবউদ্দীন মিলন। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে তিনি এই ভুবন চিল ওড়ান।
কুষ্টিয়া বার্ডক্লাবের সভাপতি ও পাখি পর্যবেক্ষক এস আই সোহেল বলেন, ভুবন চিল ঢাকার কয়েকটি জায়গায়, বিশেষ করে ট্যানারি এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় খুবই বিরল। কুষ্টিয়ায় হাতে গোনা কয়েকটি আছে।
গত ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে শাহাবউদ্দীন জানতে পারেন, কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের পাশে একটি নারকেলগাছের নিচে ভুবন চিল পাখি পড়ে আছে। খবর পেয়ে ছুটে যান সেখানে। পাখিটিকে উদ্ধার করে তিনি শহরের থানাপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে বাড়ির ছাদে বড় ঝুড়ির ভেতর রেখে সেবা দিতে থাকেন।
শাহাবুদ্দীন বলেন, পাখিটি অনেক দুর্বল ছিল। সারাক্ষণ ঝিম মেরে থাকত। দেখে মনে হয়েছে শারীরিকভাবে সে খুবই দুর্বল। এ জন্য প্রতিদিন নিয়ম করে একে খাবার দেওয়া হতো। বাজার থেকে মুরগি কিনে মাংস ও কলিজা খাওয়ানো হয়েছে। দুই দিন আগে পাখিটি ঝাপটাতে থাকে। দেখে মনে হলো উড়তে চায়। তাই সিদ্ধান্ত নেন, যেখান থেকে একে পাওয়া, সেখানেই একে প্রকৃতির মাঝে ছেড়ে দেবেন।