ভালোবাসার অপরাধে মৃত্যুপথযাত্রী মোরছালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর ইউএমসি চটকলে কাজ করেন মোরছালিন মিয়া (২৫)। চটকলে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইউএমসি চটকল বিদ্যালয়ের এক ছাত্রীর। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেনি স্থানীয় বখাটেরা। তারা ক্ষিপ্ত হয়ে মোরছালিনকে মারধর করে। গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে তাঁর শরীর। গুরুতর দগ্ধ মোরছালিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত ২৯ মার্চ বর্বরোচিত এ ঘটনা ঘটে। মোরছালিনের বাবা জানান, তাঁদের স্থায়ী বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। কাজের সূত্রে তিনি পরিবার নিয়ে নরসিংদী থাকেন। তিনি দীর্ঘদিন ধরে ইউএমসি চটকলে কাজ করেন। থাকেন পৌর এলাকার দক্ষিণ নাগরিয়াকান্দী এলাকায়। তাঁর দ্বিতীয় ছেলে মোরছালিন আর্থিক টানাপোড়েনের কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। ফলে বাধ্য হয়ে তাঁর সঙ্গে চটকলে চাকরি নেন।নেছার উদ্দিন জানান, ইউএমসি চটকল বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেনে নিয়ে দুই পরিবারই তাদের বিয়ের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি স্থানীয় বখাটে সজীব মিয়া। তিনি মোরছালিনকে মেয়েটির জীবন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেন। মোরছালিন এতে রাজি না হওয়ায় সজীব খেপে যান। পরে সজীব ও তাঁর বন্ধু ওয়াসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী ২৯ মার্চ মোরছালিনকে বাড়ির সামনে থেকে ডেকে দক্ষিণ নাগরিয়াকান্দী এলাকায় নিয়ে যায়। সেখানে মোরছালিনকে প্রচণ্ড মারধরের পর প্লাস দিয়ে তার হাতের আঙুলের নখ তুলে নেয়। একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে মোরছালিনকে মুমূর্ষু অবস্থায় তারা বাড়ির সামনে ফেলে রেখে যায়।নেছার উদ্দিন বলেন, মোরছালিনকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, আগুনে মোরছালিনের শরীরের ৫৫ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে।