ভালোবাসার টানে আজ প্রাণসখা ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একদা এক রাজ্যে রাজা ছিল, আর ছিল তার দুই রানি। দুয়োরানি আর সুয়োরানি। হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া। আর ছিল সেপাই সান্ত্রি, পাইক বরকন্দাজ।’ রোজ রোজ ব্যাঙ্গমিকে একই গল্প শোনাতে শোনাতে একদিন হাঁপিয়ে উঠল ব্যাঙ্গমা, তার মনটা বেজার, মুখ কালো। দেখে মায়া হলো কবি শামসুর রাহমানের। তিনি শুরু করলেন নতুন গল্প। সেই গল্প স্মৃতির শহর ঢাকার।
স্মৃতির সেই ঢাকা শহরে রাস্তার পাশে ছিল গাছ। সেই গাছকে দেখলে মনে হতো পরি, এক্ষুনি যেন ডানা ঝটপটিয়ে উড়ে যাবে মেঘের রাজ্যে, বাঁশের পুলটা ছিল ধনুকের মতো টান টান। এত দর-দালান ছিল না, বাস ছিল না, এমনকি রিকশাও ছিল না, রাস্তায় রাস্তায় ছিল না সারি সারি পিঁপড়ের মতো মানুষের ভিড়।
একসময় ঢাকা ছিল প্রিয়জনের মতো। আর এখন বিশ্বের বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে এর অবস্থান দ্বিতীয়। ঢাকার প্রতি নগরবাসীর ভালোবাসাকে জাগিয়ে তুলতে আজ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবসে’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজন করেছে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের। দিনভর দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আড্ডা, গল্প, গান আর নাটকের মধ্য দিয়ে ঢাকার প্রতি তাঁদের ভালোবাসা জানাবেন। এই অনুষ্ঠান ধর্ম-বর্ণ-পেশানির্বিশেষে সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত। শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রাণসখা ঢাকা উপলক্ষে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে মুখ করে তৈরি হচ্ছে মঞ্চ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরকে প্রিয়জনের মতো ভালোবেসে শহরটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি—এই বার্তাটুকুই বিশ্ব ভালোবাসা দিবসে পৌঁছে দিতে চাই নগরবাসীকে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, ‘আমরা সবাই রাজা’, আমিও বলতে চাই আমরা সবাই মেয়র আমাদের এই ঢাকা শহরে। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তাই আমাদের সবার।’ এক দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা কতটা জাগানো সম্ভব? জবাবে মেয়র বলেন, রাতারাতি শহরে হয়তো কোনো পরিবর্তন আসবে না। তবে ঢাকাকে প্রিয়জনের মতো, বন্ধুর মতো ভালোবাসলে ধীরে ধীরে পরিবর্তন আসবে।
প্রতিদিন পড়ে থাকে ৮০০ টন বর্জ্য: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মনে করে নগরবাসীর সহযোগিতা ছাড়া শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অসম্ভব। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মতে, ঢাকা দক্ষিণে প্রতিদিন বর্জ্য তৈরি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টন। সিটি করপোরেশন পূর্ণ শক্তি নিয়োগ করলে ২ হাজার টন বর্জ্য অপসারণ করতে পারে। দক্ষিণের ৪০ লাখ মানুষের বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা ৫ হাজার ২০০ জন। ট্রাকগুলোও ২০-২৫ বছরের পুরোনো। সবশেষ ১৪ বছর আগে কিছু পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. রকিবউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘মানুষ যদি শুধু যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করে, তাতেই আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’ তিনি আরও বলেন, জাইকার সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।
মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ ও সেন্টার ফর আরবান স্টাডিজের কার্যনির্বাহী কমিটির সদস্য সালমা আউয়াল শফি। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা চোখে পড়ছে না বলে তাঁর অভিযোগ। প্রথম আলোকে তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করে যাওয়ার সঙ্গে সঙ্গেই কেউ না-কেউ এসে ময়লা ফেলছেন। ওয়ার্ড কাউন্সিলররা যদি নিজ নিজ এলাকায় তৎপরতা একটু বাড়ান তাহলে উপকার হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ছেড়ে দিলে হবে না।’ যেখানে-সেখানে ময়লা ফেললে জরিমানার বিধান করলেও পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মত দেন তিনি।