ভালোবাসার টানে পালাতে গিয়ে আটক, পরে মুক্তি
ভালোবাসার টানে পালাতে গিয়ে দুই দেশে দুজন আটক হন। পরে বিজিবি-বিএসএফ তিন দফা পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-ভারতের ওই প্রেমিক যুগলকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
ওই দুজন হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের এক স্কুলছাত্রী (১৪) ও ভারতের কোচবিহারের দিনহাটা থানার জায়গীর বালাবাড়ীর এক তরুণ (২৫)।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে গত সোমবার রাতে ওই তরুণ বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় ওই তরুণ ওই স্কুলছাত্রীকে নিয়ে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা চান্দেরহাট সীমান্তে ৯৪৯ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশের ভারতের কাঁটাতারের নিচে একটি সরু ইউড্রেনের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মেয়ের পরিবারের লোকজন ও গ্রামবাসী তাঁদের ধাওয়া করেন। এ সময় স্কুলছাত্রী কাঁটাতারের ওপারে পৌঁছালেও পৌঁছাতে পারেননি ওই তরুণ। পরে মেয়ের পরিবারের লোকজন ওই তরুণকে আটক করেন। মুহূর্তেই এ নিয়ে সীমান্তবর্তী দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিরসনে গত মঙ্গলবার সকাল থেকে ওই স্কুলছাত্রীকে ফেরত পেতে বিজিবি ও ওই তরুণকে ফেরত পেতে বিএসএফ কয়েক দফা পত্র আদান-প্রদান হয়। এ নিয়ে বেলা ১১টায় ৯৪৯ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশে দুই পক্ষের মধ্যে প্রথম দফা পতাকা বৈঠক হয়। এতে নেতৃত্ব দেন বিজিবির পক্ষে রামখানা বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আবদুস সোবাহান ও ভারতের কোচবিহারের দিনহাটা থানার জায়গীর বালাবাড়ী বিএসএফ ক্যাম্প ইনচার্জ রাকেশ সিং। সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠক। বিকেল পৌনে পাঁচটায় দ্বিতীয় দফা পতাকা বৈঠক হয়। সেটিও অমীমাংসিতভাবে শেষ হয়। পুনরায় বিকেল সাড়ে পাঁচটায় তৃতীয় দফা পতাকা বৈঠকে তা সমাধান হয়। সন্ধ্যা ছয়টায় বিএসএফ ওই স্কুলছাত্রীকে বিজিবির হাতে ও বিজিবি ওই তরুণকে বিএসএফের হাতে হস্তান্তর করে।
নায়েক সুবেদার আবদুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।