ভালোবাসার দিন আজ
আজ সারা দিন ভালোবাসার। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ইতিহাসের পাতায় সেন্ট ভ্যালেন্টাইনস ডে। পয়লা ফাল্গুনে বসন্তবরণ উৎসবের পরের দিন ভালোবাসা দিবস উৎসবের আমেজে এনেছে ভিন্নমাত্রা।‘ভালোবাসা’ ছোট্ট একটি শব্দ। জনশ্রুতি আছে, ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ২৭০ সালে রোমের যাজক ভ্যালেন্টাইন সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে তাঁকে ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিনটি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করার প্রচলন হয়। দিনটি, বিশেষ করে প্রেমিক-প্রেমিকার কাছে বহু কাঙ্ক্ষিত। তবে ১৪ ফেব্রুয়ারি কেবল যে তরুণ-তরুণীদের তা নয়, পিতা-মাতা-সন্তানের ভালোবাসাও দিবসটিকে বড়মাত্রায় উদ্ভাসিত করে। পিতা-মাতার প্রতি সন্তানের, সন্তানের প্রতি পিতা-মাতার ভালোবাসা অফুরান। দেশের প্রতি আছে অফুরন্ত প্রেম। সেই প্রেমে উজ্জীবিত সহস্র তরুণপ্রাণ এখন রাজধানীর শাহবাগে অবস্থান করছেন। দিনটি পালনের প্রাক্কালে গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার ঢাকার অনেক গিফট শপে ভিড় ছিল। চকলেট, ফুল পোশাক-আশাকসহ নানা রকমের উপহার বিনিময় করেছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন থাকবে। রাজধানীর আশপাশের অনেক বিনোদন কেন্দ্রে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।