ভালোবাসার প্রমাণ দিতেই নদে ঝাঁপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকের কথামতো ভালোবাসার প্রমাণ দিতেই তুরাগ নদে ঝাঁপ দেয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেনির ছাত্রী সেলিনা আক্তার (১৭)।
জিজ্ঞাসাবাদে সেলিনার এক বান্ধবী এ কথা জানিয়েছে বলে পুলিশের দাবি।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার পর থেকে সেলিনার প্রেমিক বেলায়েত হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় সেলিনার বাবা পূর্ব মৌচাক এলাকার শহিদুল ইসলাম গতকাল সোমবার দুপুরে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এতে ঝিঙ্গাহাটি গ্রামের বেলায়েত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
সেলিনার বাবা শহিদুল ইসলাম জানান, প্রথমে তিন বান্ধবী সেতুর পাশে চা-বাগান খেয়াঘাটে বসে আড্ডা দিচ্ছিল। পরে বেলায়েতের ফোন পেয়ে কাজ আছে বলে সেতুর ওপর উঠে যায় সেলিনা। সেলিনা নদীতে ঝাঁপ দেওয়ার আগে তার এক বান্ধবীর কাছে মুঠোফোনে কল করে জানায়, ভালোবাসার প্রমাণ দিতে বেলায়েত তাকে নদে ঝাঁপ দিতে বলেছে।এর কিছুক্ষণ পর সেতু থেকে সেলিনাকে ঝাঁপ দিতে দেখে ওই বান্ধবী।
ঘটনার পর সেলিনার বান্ধবীরা এলাকায় প্রচার করে, সেলিনা সেতুর রেলিংয়ের ওপর বসে পা দোলাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে নদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে অনেক খুঁজেও সেলিনাকে পাননি।
গত রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে চা-বাগান এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঘাটগড় এলাকায় জেলেদের পেতে রাখা জালে আটকা পড়ে সেলিনার মরদেহ। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন বান্ধবীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এক বান্ধবী পুলিশকে জানায়, বেলায়েত তার ভালোবাসার প্রমাণ হিসেবে সেলিনা আক্তারকে তুরাগ নদে ঝাঁপ দিতে বলে। সেলিনা বান্ধবীকে বিষয়টি জানায়। এর কিছুক্ষণ পর সে সেতু থেকে নদে ঝাঁপ দেয়।