ভালোবাসার রঙে রঙিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেহ খর্বাকৃতির, তাতে কী? তাঁদের মনে আছে অফুরন্ত ভালোবাসা। এ ভালোবাসার রঙে রঙিন হয়েছে নীলকান্ত বর্মণ (৩৫) ও তাঁর স্ত্রী গীতা রানীর (২৯) সংসার। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর জোদ্দারপাড়া গ্রামে।
গত বৃহস্পতিবার বোচাপুকুর জোদ্দারপাড়া গ্রামে নীলকান্ত-গীতার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। নীলকান্তকে বাড়িতে পাওয়া গেলেও গীতা মাঠে মজুরের কাজ করছিলেন। খবর পেয়ে ছুটে এলেন তিনি। তিনি বললেন, নীলকান্ত সকালে অসুস্থতা বোধ করছিলেন। তাই স্বামীর কাজটুকু নিজে করে দিতে মাঠে গিয়েছিলেন।
নীলকান্ত বলেন, প্রায় ১৫ বছর আগের কথা। সদর উপজেলার পোকাতি গ্রামের ধীরেন চন্দ্র তাঁর (নীলকান্ত) বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। বিয়ে করতে গিয়ে বিড়ম্বনার কথা ভেবে মনে ভয় জেগে ওঠে। কিন্তু ধীরেন যখন মেয়ের খর্বাকৃতির কথা খুলে বললেন, তখন সে ভয় দূর হয়ে যায়। ঘুরতে-ফিরতে থাকেন গীতাদের বাড়ির সামনে। অবশেষে দেখা মিললে গীতার প্রতি তাঁর মনে ভালোবাসা জন্ম নেয়। বাড়ি ফিরেই বিয়ের পিঁড়িতে বসার সায় দেন তিনি। পরে তাঁর (নীলকান্ত) বাবা প্রভাত বর্মণ তাঁদের (গীতা) বাড়িতে গিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। ২০০১ সালের শেষের দিকে তাঁদের বিয়ে হয়।
গীতা বলেন, স্বামী বেঁটে এ কথা বিয়ের আগে শুনেছিলাম। তবে দুজনের এতটাই মিল হবে ভাবতে পারিনি। বিয়ের এক বছর পরই তাঁদের ঘরে আসে একটি কন্যাসন্তান। তাঁরা তার নাম রাখেন লিপা রানী।
নীলকান্ত বলেন, মেয়ে স্বাভাবিক হওয়ায় তাঁর পরিবারের সবাই খুশি। তিনিও খুশি। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই খর্বাকৃতি। কেউই লেখাপড়ার সুযোগ পাননি। তাই কষ্টের সংসারেও মেয়েটিকে লেখাপড়া করাচ্ছেন। তাঁরা অভাবের জন্য মেয়ের সব আবদার পূরণ করতে পারেন না। মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে। পড়ালেখা শেষে মা-বাবার জন্য কিছু একটা করতে চায় বলে জানায় লিপা।
গ্রামের আশপাশে কৃষিমজুরের কাজ করে সংসার চলে নীলকান্ত-গীতার। স্বাভাবিক শ্রমিকদের তুলনায় তাঁদের ১০০ থেকে ১২০ টাকা মজুরি কম দেন মহাজনেরা। তাঁরা এ মজুরি নিয়ে আক্ষেপের কথাও জানান। তবে মাচার তলা থেকে সবজি তোলার সময় স্বাভাবিক শ্রমিকেরা তাঁদের কাছে সব সময় হার মানেন বলে জানান গীতা। নিয়মিত শ্রমিকের কাজের ধকল নীলকান্তের গায়ে সইছে না দেখে গীতাও শ্রমিকের কাজ শুরু করেন। গীতার প্রশ্ন, স্ত্রী যদি স্বামীর কষ্ট না বোঝে তবে সে কেমন স্ত্রী?
নীলকান্ত ও গীতার প্রতিবেশী নারায়ণ চন্দ্র রায় বলেন, গ্রামবাসীর প্রয়োজনে সব সময় ছুটে যান তাঁরা। এ কারণে গ্রামবাসী নীলকান্ত ও গীতাকে খুব ভালোবাসেন। নীলকান্তের নিজের ভিটে না থাকায় গ্রামের ভাবেশ চন্দ্র তাঁকে তিন কাঠা জমি দান করেছেন। চক্র বর্মণ নামে তাঁদের আরেক প্রতিবেশী বলেন, ‘শারীরিক গঠনের কারণে তাঁরা ঠিকমতো কাজ করতে পারেন না। তাঁদের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা করে দিতে পারলে ভালো হতো।’
এদিকে প্রতিবন্ধী ভাতার তালিকায় পরিবারটির নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন নারগুন ইউপির চেয়ারম্যান পয়গাম আলী।
চারদিকে কেবলই প্রতিকূলতা। কিন্তু খর্বকায় দুটি দেহে তার কোনো ছাপ ফেলতে পারেনি কিছুতেই। এতসব প্রতিকূলতার মাঝেও হাসি-আনন্দেই কাটছে নীলকান্ত-গীতার জীবন।