ভালোবাসায় গড়া ভাস্কর্য দিতে চান জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেগ আর অকৃত্রিম ভালোবাসা থাকলে অতুলনীয় কাজ করা যায়, তা প্রমাণ করে দেখালেন গোলাম মোস্তফা। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঠের একটি ভাস্কর্য তৈরি করেছেন। ভাস্কর্যটি দেখলে মনে হবে হাতলওয়ালা চেয়ারে সত্যি সত্যি বঙ্গবন্ধু বুঝি বসে আছেন। গোলাম মোস্তফা এটি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষকে দিতে চান।মোস্তফার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার মল্লিকপুর গ্রামে। ১৯৫৬ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর জন্ম। এখন তিনি পরিবারের ছয় সদস্যকে নিয়ে উপজেলার গোপালপুরে বাস করছেন। হঠাত্ বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন তৈরি করতে গেলেন—জানতে চাইলে যেন আবেগ ঝরে পড়ে তাঁর কণ্ঠে। তিনি জানান, ১৯৭২ সালে এসএসসি পাস করে পড়ালেখা আর করেননি। বারহাট্টা বাজারে ইলেকট্রনিকস সামগ্রী মেরামতের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার খবর শুনে ব্যথিত হন তিনি। তখন থেকেই তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করার চিন্তা করছিলেন। ১৯৯৭ সালে কাঠ দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির প্রথম পরিকল্পনা করেন। ২০০৮ সাল থেকে তিনি পুরোদমে এটির কাজ শুরু করেন। প্রতিদিন তিন-চার ঘণ্টা কাজ করেছেন। ২০১১ সালে তিনি ভাস্কর্যটির কাজ শেষ করেন।সম্প্রতি এক সকালে বারহাট্টার কাশতলা গ্রামে গিয়ে দেখা যায় ভাস্কর্যটি। ওই দিন অনেকের মতো বারহাট্টা এলাকার রহম আলীও (৭৬) এটি দেখতে এসেছিলেন। এটি দেখে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘মনে অইতাছে শেখ সাইব জীবিত। আসলে তিনি মরেন নাই। তিনি মানুষের মাঝে এহনও বেঁচে আছেন, থাকবেন।’মোস্তফা আরও জানান, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু একবার বারহাট্টায় এসেছিলেন। তখন ট্রেনের দরজায় দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই সময়ের অবয়বই তিনি এ ভাস্কর্যে ফুটিয়ে তুলেছেন। ভাস্কর্যটির উচ্চতা ছয় ফুট। জুতা, মোজা, পাজামা, পাঞ্জাবি, চশমাসহ বঙ্গবন্ধুকে সাজাতে যা যা দরকার তা তিনি যুক্ত করেছেন এই ভাস্কর্যে।তাঁর ভাস্কর্যের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটিকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরানো যায়। ভাস্কর্যটিকে দাঁড় করানো যায়, চাইলে বসিয়েও রাখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঘুরানোর জন্য এতে স্ক্রু ও নাটবলটু ব্যবহার করা হয়েছে।ভাস্কর্যটি উন্মোচনের জন্য গত ১৫ জুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কবি নির্মলেন্দু গুণের গ্রামের বাড়ি বারহাট্টার কাশতলায় আসার কথা ছিল। কিন্তু মন্ত্রীর অসুবিধার কারণে তখন তা হয়ে ওঠেনি। অবশেষে কাশতলার রামসুন্দর পাঠাগার ও হুলিয়া থিয়েটারের উদ্যোগে গত ৩০ অক্টোবর ভাস্কর্যটি উন্মোচন করেন নির্মলেন্দু গুণ এবং এটি স্থান পায় তাঁর বাড়ির বীণাপাণি-চারুকলা সংগ্রহশালায়।